মেসির ঘনিষ্ঠ বন্ধুও ঢুকতে পারলেন না আর্জেন্টিনা ক্যাম্পে
সৌদি আরবের বিরুদ্ধে খেলার তখন কয়েক ঘন্টা বাকি। আর্জেন্টিনা দল ছিল অনুশীলনে। সেখানেই এক অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হলেন মেসির ঘনিষ্ঠ বন্ধু ও আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় সার্জিও অ্যাগুয়েরো। তাকে ঢুকতে দেওয়া হয়নি অনুশীলন ক্যাম্পে।
প্রথম ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছিলেন মেসিরা। সেই সময় আর্জেন্টিনার ক্যাম্পে দেখা করতে আসেন অ্যাগুয়েরো। হৃদযন্ত্রের সমস্যার কারণে গত বছর যিনি ফুটবল থেকেই অবসর নিতে বাধ্য হন। তবে দুঃখজনক ব্যাপার হলো, ঢুকতেই দেওয়া হয়নি ম্যারাডোনার সাবেক মেয়ে জামাইকে।
মেসিদের দলে এক সময় অন্যতম স্ট্রাইকার ছিলেন অ্যাগুয়েরো। কিন্তু তাকে সাবেক সতীর্থদের সঙ্গে দেখাই করতে দিলেন না আর্জেন্টিনার ফুটবল আধিকারিকরা। ক্যাম্পে ঢুকতেই দেওয়া হল না অ্যাগুয়েরোকে।
.png)
তিনি আর্জেন্টিনার কর্তাদের উদ্দেশে টুইট করে লেখেন, 'আমাকে ঢুকতে দিতে না চাইলে সেটা মুখের উপর বলা উচিত। সব সময় আর্জেন্টিনার সমর্থনে গলা ফাটিয়েছি। আমি জানি যে প্রিয় জার্সির জন্য সব কিছু উজাড় করে দেবে ওরা। মেসি যেমন বলেছে, আমরা সকলে একসঙ্গে থাকব।'
অ্যাগুয়েরোর অভিযোগ, তাকে আটকানো হলেও অনেকেই এসে মেসিদের সঙ্গে দেখা করেছেন। যেটা খুবই দুঃখজনক। আর্জেন্টিনার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার।
দেশের জার্সিতে ১০১টি ম্যাচে ৪১টি গোল করেছেন অ্যাগুয়েরো। গত বারের বিশ্বকাপেও খেলেছেন তিনি। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে গোলও করেন অ্যাগুয়েরো। তাকেই ঢুকতে দেওয়া হল না মেসিদের সঙ্গে দেখা করতে।
অ্যাগুয়েরো অবশ্য কাতারে এসেছেন স্পেনের আমন্ত্রণে। দীর্ঘ সময় স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলেছেন অ্যাগুয়েরো। বার্সেলোনার হয়ে খেলেছেন। স্পেনের দলের অনেকেই এক সময় তার সতীর্থ ছিলেন। সেই স্পেন দল অ্যাগুয়েরোকে তাদের ক্যাম্পে আমন্ত্রন জানিয়েছে।
এ নিয়ে অ্যাগুয়েরো বলেন, 'নিজের দলের সঙ্গে আমার এখনও দেখা হয়নি। আমাকে দলের তরফে কোনও পরিচয়পত্র দেওয়া হয়নি। অথচ আমি জাতীয় দলের খেলোয়াড় ছিলাম। অপরিচিত কেউ নই। আর্জেন্টিনার ফুটবল সংস্থার সঙ্গেও পরিচিত। আমি কোনও খারাপ কাজ করিনি।'
তিনি আরো বলেন, 'অনেকের হয়তো আমাকে পছন্দ নয়, কারণ আমি তাদের দোষ ধরি। আমাকে যদি ওরা ঢুকতে দিতে না চায়, তা হলে সেটা স্পষ্ট আমার মুখের উপর বলুক। স্পেন আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমাকে ডাকার জন্য ধন্যবাদ। কিন্তু আমি ওদের সঙ্গে দেখা করতে যাব না। পরে কখনও যেতে পারি। কিন্তু আমি আমার দলের সঙ্গে দেখা করতে এসেছিলাম।'