ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

যে দল নিয়ে মাঠে নামবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৫, ২৪ নভেম্বর ২০২২
যে দল নিয়ে মাঠে নামবে ব্রাজিল
সংগৃহীত ছবি

বর্তমানে ফুটবল বিশ্বের এক নম্বর দল ব্রাজিল। কাতার বিশ্বকাপেও হেক্সে জয়ের মিশনে গিয়েছে তারা। বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার ধরা হচ্ছে তাদেরকে। পাঁচবারের চ্যাম্পিয়নদের নিয়ে সমর্থকদের মাঝে কৌতূহলের কমতি নেই। তবে সমর্থক তো দূরের কথা, সংবাদমাধ্যমও কৌতূহল মেটাতে পারছে না।

ব্রাজিল কোচ তিতে দলকে অনুশীলন করাচ্ছেন একদম নীরবে নিভৃতে। রুটিন কিছু ছবি তোলা ও ভিডিও ফুটেজ ধারণ বাদ দিলে ব্রাজিলের অনুশীলনে ঝুলছে ‘প্রবেশ-নিষেধ’ ব্যানার। তিতের এই গোপনীয়তা রক্ষার কারণ তো সহজেই অনুমেয়। নিজের কৌশল রক্ষার্থেই এমন পথ বেছে নিয়েছেন সেলেসাও কোচ।

তবে একটা ধারণা পাওয়া গেল, কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল। আজ সার্বিয়ার বিপক্ষে প্রচলিত ধারার বাইরের একাদশ নামাবেন তিতে। যে একাদশে মূল মনোযোগ দেওয়া হয়েছে আক্রমণভাগে। এজন্য মিডফিল্ডে কম জোর দেবেন।

Advertisement

সেলেসাওদের আক্রমণভাগের মূল দায়িত্বে থাকবেন নেইমার ও রিচার্লিসন। দুই পাশ থেকে তাদের সঙ্গ দেবেন ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া। আর মিডফিল্ডে মাঠ মাতাবেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ফ্রেড ও ওয়েস্ট হাম তারকা লুকাস পাকেতা। পাকেতা অবশ্য অনেকটা মধ্যমাঠ ও আক্রমণভাগের মাঝামাঝিই খেলবেন। 

রক্ষণভাগের দায়িত্বে থাকবেন অভিজ্ঞ থিয়াগো সিলভা। তার মাঝে থাকবেন মার্কিনিওস। দুই পাশ থেকে তাদের সঙ্গী হবেন অ্যালেক্স সান্দ্রো ও দানিলো। গোলবারের নিচে থাকছেন দীর্ঘদিনের ভরসার অ্যালিসন বেকার।

বিশ্বকাপের ২২তম আসরে ‘জি’ গ্রুপে ব্রাজিলের প্রথম ম্যাচ ২৪ নভেম্বর। এদিন দিবাগত রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। এ ছাড়া গ্রুপ পর্বে অপর দুই ম্যাচে ২৮ নভেম্বর রাত ১০টায় দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ড ও ২ ডিসেম্বর দিবাগত রাত ১টায় ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।

ডেইলি-বাংলাদেশ/এমএস/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!