মিরাজকে প্রশংসায় ভাসালেন ভারত কোচ
প্রতিপক্ষের কোচের কাছ থেকে প্রশংসা পাওয়াটা বেশ আনন্দেরই বটে। সেটাই পেলেন ভারতকে হারানোর নায়ক মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশকে কৃতিত্ব দেওয়ার পাশাপাশি মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদেরও প্রশংসা করলেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়।
বুধবারের খেলা শেষে দ্রাবিড় বলেন, আমাদেরও সুযোগ ছিল। কোনো সন্দেহ নেই কয়েকবার আমাদের সামনে সুযোগ এসেছিল। তবে আমি কৃতিত্ব দেবো বাংলাদেশ দলকে। বিশেষ করে মেহেদি হাসান এ সিরিজে দুর্দান্ত খেলেছে।
মিরাজের ব্যাটিংয়ের প্রশংসা করে দ্রাবিড় বলেন, যদিও পরিবেশ ও পরিস্তিতি ছিল সম্পূর্ণ ভিন্ন ও বিপরতিমুখি। তারপরও মেহেদী হাসান মিরাজ অসাধারণ ব্যাটিং করেছে। আজ মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে তার জুটিটাও দারুণ কাজে দিয়েছে।
ভারতীয় হেড কোচ আরো বলেন, শেষ ১০ ওভারে তারা (বাংলাদেশ) ১০০ রান তুলেছে। আর তাতেই আমাদের সর্বনাশ হয়েছে। আমি অবশ্যই বাংলাদেশকে কৃতিত্ব দেবো। তারা ভাল খেলেছে এবং সত্যিকার ফলটাই পেয়েছে।
দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলেন মিরাজ ও রিয়াদ। তাতে নির্ধারিত ওভার শেষে রান দাঁড়ায় ৭ উইকেটে ২৭১।
ধ্বংসস্তুপে দাঁড়িয়ে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন মিরাজ। শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন ৮ চার ও ৪ ছক্কায় ইনিংসে ৮৩ বলে ১০০ রান করেন মিরাজ। আর এতেই বাংলাদেশ একটি চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয় ভারতকে।