বড় বিপদে আর্জেন্টিনা, হলুদ কার্ড দেখে সেমিতে নিষিদ্ধ দুই ফুটবলার
জমজমাট ম্যাচে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। মুহূর্তে মুহূর্তে রঙ বদলানো ম্যাচে মেসির দল শেষ হাসি হাসলেও কার্ডের ফলে খেয়েছে বড় ধাক্কা। কারণ হলুদ কার্ড দেখে সেমির জন্য নিষিদ্ধ হয়েছেন দলটির দুই ফুটবলার।
লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের এ ম্যাচটি স্প্যানিশ রেফারি মাতেউ লাহোজের কারণে বেশ আলোচনায়। ১২০ মিনিটের খেলায় ১৮টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখিয়েছেন তিনি।
লাহোজের এই কার্ড কাণ্ডে কপাল পুড়েছে আর্জেন্টিনার। দলটির দুই ডিফেন্ডার মন্টিয়েল ও মার্কাস অ্যাকুনা কার্ডের ফলে পড়েছেন নিষেধাজ্ঞায়। যে কারণে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে দেখা যাবে না তাদের।
.png)
ফিফা ২০২২ কাতার বিশ্বকাপের নিয়ম অনুযায়ী কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দুইটি হলুদ কার্ড পেলে সেই খেলোয়াড় সেমিফাইনাল খেলতে পারবেন না। মন্টিয়েল ও অ্যাকুনা দুজনই গতকালের ম্যাচে আসরে নিজেদের দ্বিতীয় হলুদ কার্ড দেখেছেন। তাই ১৩ ডিসেম্বরের ম্যাচে নিষিদ্ধ হয়েছেন তারা।
মন্টিয়েল তার প্রথম হলুদ কার্ড পান সৌদি আরবের বিপক্ষে। তাই তাকে বুঝে শুনে খেলাচ্ছিলেন স্কালোনি। কিন্তু শেষ রক্ষা হলো না। কোয়ার্টারে নেদারল্যান্ডসের বিপক্ষে বদলি হিসেবে নেমেও হলুদ কার্ড দেখতে হয় এই ডিফেন্ডারকে। ফিফার নিয়মানুযায়ী সেমিফাইনালে দেখা যাবে না তাকে।
একই অবস্থা অ্যাকুনারও। তিনি হলুদ কার্ড পেয়েছিলেন গ্রুপ পর্বের শেষ ম্যাচ পোল্যান্ডের বিপক্ষে। ডাচদের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতেই রেফারি তাকে হলুদ কার্ড দেখান। সেমিফাইনালে দুই ডিফেন্ডারকে না পেয়ে নিশ্চয়ই চিন্তার ভাঁজ স্কালোনির কপালে।