ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

দলের লড়াকু মানসিকতার প্রশংসায় মরোক্কান কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৪, ১১ ডিসেম্বর ২০২২
দলের লড়াকু মানসিকতার প্রশংসায় মরোক্কান কোচ
মরক্কো কোচ ওয়ালিদ রেগ্রাগুই

পর্তুগালকে ১-০ গোলে পরাজিত করে প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে মরক্কো। ইনজুরি আক্রান্ত দলের এমন লড়াকু পারফরমেন্সের ভূয়শী প্রশংসা করেছেন দলটির কোচ ওয়ালিদ রেগ্রাগুই।

ইউসেফ এন-নেসরির হেডে প্রথমার্ধের ৪২ মিনিটে এ্যাটলাস লায়ন্সরা এগিয়ে যায়। পুরো ম্যাচে চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।

ম্যাচ শেষে রেগ্রাগুই বলেছেন, আমরা বিশ্বের সেরা একটি দল পর্তুগালের বিপক্ষে জয়ী হয়েছি। জয়ের জন্য যা করার দরকার সবই আমরা করার চেষ্টা করেছি। আমাদের দলে এখনো ইনজুরি সমস্যা রয়েছে। ম্যাচের আগে আমি খেলোয়াড়দের বলেছি আফ্রিকার জন্য আমাদের ইতিহাস রচনা করতে হবে। আমি সত্যি দারুণ, দারুন খুশি।

ফ্রান্সে জন্ম নেয়া মরক্কান রেগ্রাগুই ইতোমধ্যেই প্রথম আফ্রিকান কোচ হিসেবে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস রচনা করেছেন। আর এখনো তো তিনি সেমিফাইনাল দলের গর্বিত কোচ। এনিয়ে কাতারে ইউরোপের তিন শক্তিশালী দলকে পরাজিত করেছে মরক্কো। 

গ্রুপ পর্বে বেলজিয়ামের পর শেষ ষোলতে পেনাল্টিতে স্পেনকে বিদায় করে গতকাল পর্তুগালকে হারানোর কৃতিত্ব দেখালো।

মরক্কোর উইঙ্গার সোফিয়ানে বুফাল বলেছেন এখনো তার দলের অনেক কিছু দেবার আছে। তিনি বলেন, বিষয়টি সত্যিই অকল্পনীয়। আমরা এখনো বিশ্বকাপের স্বপ্ন দেখে চলেছি এবং আমরা ঘুম থেকে জাগতে চাইনা। এভাবেই স্বপ্ন দেখে যেতে চাই। যা কিছু অর্জন হয়েছে তার সবই আমাদের প্রাপ্য ছিল। আমরা কঠোর পরিশ্রম করেছি, এখনও যা শেষ হয়ে যায়নি। এখনো সেমিফাইনাল এবং সৃষ্টিকর্তা চাইলে ফাইনাল বাকি রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!