বিগত কয়েক বছরের দুর্দান্ত পারফরম্যান্সের কথা বিবেচনা করে বিশ্বকাপ শুরুর আগেই মরক্কো সেমিফাইনালে যাবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন ইতো। এখানেই থামেননি তিনি। এই কিংবদন্তি বলেছিলেন, সেমিতে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স। অবিশ্বাস্য হলেও এবারের বিশ্বকাপে ঘটেছে সেটাই।
অসম্ভব এই ভবিষ্যদ্বাণী করে এখন সবার প্রশংসা কুড়াচ্ছেন ইতো। যদিও শুরুতে এই ভবিষ্যদ্বাণী করার পর হাস্যরসের উপকরণ হয়েছিলেন তিনি।
.png)
ফুটবলের বিশ্বমঞ্চে আফ্রিকান দলগুলো এখনো কোনো শিরোপা অর্জন করতে না পারলেও তারা প্রতিপক্ষের জন্য কতটা চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে, সেটা হাড়েহাড়ে টের পেয়েছে সবাই। কাতার বিশ্বকাপ নিয়ে আফ্রিকান দলগুলো নিয়ে বেশিই আশাবাদী ছিলেন ইতো।
তার বিশ্বাস ছিল, এবারের আসরে অন্তত তিনটি আফ্রিকান দেশ সেমিফাইনালে উঠবে। প্রথম সেমিফাইনাল খেলবে সেনেগাল ও ক্যামেরুন। কিন্তু তার এই ভবিষ্যদ্বাণী ঠিক হয়নি। ব্রাজিলকে হারানোর পরও গ্রুপপর্বেই বাদ পড়ে যায় ক্যামেরুন। অন্যদিকে দ্বিতীয় রাউন্ডে ওঠে সেনেগাল। ইংল্যান্ডের কাছে হেরেছে ৩-০ গোল ব্যবধানে।
তবে আলোচনাটা মূলত হচ্ছে ফ্রান্স-মরক্কোর সেমিফাইনাল নিয়ে। ফ্রান্সের সঙ্গে মরক্কো সেমিফাইনাল খেলবে, সেটা বিশ্বকাপ শুরুর আগে চিন্তা করাও কঠিন ছিল। কিন্তু ইতোর ভবিষ্যদ্বাণী অনুযায়ী দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ফ্রান্স ও মরক্কো। অবিশ্বাস্য হলেও সত্য, এবার হয়েছে সেটাই।
উল্লেখ্য, কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত প্রতিপক্ষের কাছ থেকে কোনো গোল হজম করেনি মরক্কো। তাদের জালে একটি মাত্র বল প্রবেশ করেছে, সেটাও আবার আত্মঘাতী। অপরাজিত এই দলটি সেমিফাইনালে ফ্রান্সকে হারাতে পারলেই প্রথম আফ্রিকান ও আরব্য দেশ হিসেবে বিশ্বকাপের ফাইনাল খেলার সুযোগ পায়।
আজ (বুধবার) মধ্যরাতে ফ্রান্স-মরক্কোর মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।