ভাইরাল হওয়া মেসি-রোনাল্ডোর সেই ছবির মূল্য ৫০ কোটি!
মাত্রই শেষ হলো কাতার বিশ্বকাপ-২০২২-এর এবারের জমজমাট আসর। যে আসরে নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করে শিরোপা ঘরে তুলে নেয় মেসির আর্জেন্টিনা।
বিশ্বকাপ আসর শুরুর ঠিক আগ মুহুর্তেই সমাজিক যোগাযোগ মাধ্যমে রোনাল্ডো এবং মেসির একটি ছবি ভাইরাল হয়। যে ছবি তুলতে খরচ হয় প্রায় ৫০ কোটি টাকা।
ছবিতে দেখা যায়, তারা একে অপরের মুখোমুখি বসে আছেন। একে অপরের মুখোমুখি বসে তোলা সে ছবিটি কোনো ফুটবল মাঠের খেলার নয়, রানি-বোড়ে ‘সাজানো’ ছকে নিমগ্নচিত্তে দাবা খেলছেন তাঁরা।
একটি ফ্যাশন সংস্থার বিজ্ঞাপ ছিল এটি। যেখানে মডেল ছিলেন এই দুই সেরা ফুটবলার। তাদের থিম ছিল, ‘ভিকট্রি ইজ আ স্টেট অফ মাইন্ড (জেতা হল মস্তিষ্কের একটি ভাবনা)’। আর সেই কারণেই দাবার ছকের সামনে ছবি তোলার সিদ্ধান্ত নেয় সংস্থাটি।
ক্যাশ এন স্পোর্টসের জানায়, এই বিজ্ঞাপন তৈরিতে খরচ হয় প্রায় ৫০ কোটি। সেই বিজ্ঞাপনের মডেল হয়ে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করতে রোনাল্ডো নিয়েছিলেন প্রায় সাড়ে ১৬ কোটি টাকা। আর মেসি নিয়েছিলেন প্রায় ১৪ কোটি টাকা। বাকি টাকা ফটোগ্রাফারসহ অন্যান্য খাতে খরচ হয়।
ছবিতে দেখা যায় দুই ফুটবল তারকার পরনে একটি করে গোল গলা কালো টি-শার্ট এবং ডেনিম জিনস্। এক জনের গেঞ্জির হাতা কব্জি অবধি ঢাকা। অন্য জনের গেঞ্জির হাতা সামান্য গোটানো। ছবিতে মেসির হাত গালে, রোনাল্ডোর হাত কপালে। ক্ষুরধার নজরে দু’জনেই তাকিয়ে দাবার গুটির দিকে। যেন, বুদ্ধির মারপ্যাচে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছেন।
এই ছবি প্রকাশ্যে আসার পরপরই বিশ্ব জুড়ে তাদের ভক্ত সমর্থকদের মধ্যে বেশ সারা ফেলে দেয়।
আর্জেন্টিনার লিওনেল মেসি এবং পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফুটবল মাঠে একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও নিজেদের প্রতি রয়েছে গভীর সমীহ-শ্রদ্ধা। তবে এক জনের মাথায় সম্প্রতি উঠেছে বিশ্বকাপ জয়ের মুকুট। আরেকজনকে কোয়ার্টার থেকেই বিদায় নিতে হয়।
ওই ফ্যাশন সংস্থা এর আগে পেলে, মারাদোনা এবং জিদানের মতো নাম করা খেলোয়াড়দের এবং বিশ্বকাপ বিজয়ীদের নিয়ে বিজ্ঞাপন বানিয়েছে। এবার তাঁরা বিজ্ঞাপনের মডেল হিসাবে বেছে নিলো দুই ‘সর্বকালের সেরা’ ফুটবলারকে।