বিশ্বের সবচেয়ে বড় জার্সির মালিক মেসি
তিন যুগ পর আর্জেন্টিনা বিশ্বকাপ জেতায় চারদিকে উৎসবের কমতি নেই। যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। এর ফলে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর মেসির জার্সি কেনার জন্য বেশ হিড়িক পড়ে যায়। দেখা দেয় সংকট।
আর্জেন্টিনা তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পর বিশ্বজুড়ে মেসিজর ভক্তদের সংখ্যা আরো বাড়ে। তার বাঁ পায়ের শৈল্পিকতায় বুঁদ হয়ে থাকা সমর্থকরা তার এই জয়ে কত আয়োজনে ব্যস্ত। এরই ধারাবাহিকতায় এবার বিশ্বকে চমকে দিলেন মেসির এক কলম্বিয়ান ভক্ত।
সেই ভক্ত মেসির জন্য তৈরি করেছেন বিশ্বের সবচেয়ে বড় জার্সি। এমনই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। আলেজান্দ্রো উরিবে নামের কলম্বিয়ার এক শিল্পী মেসির জন্য এই বিশেষ জার্সি তৈরি করেছেন। যা বিশ্বের সবচেয়ে বড় জার্সি!
জানা যায়, ভক্তের তৈরী করা এই জার্সিটির দৈর্ঘ্যে ২০ মিটার ও প্রস্থ ১৭ মিটার। এটি দৈর্ঘ্যে-প্রস্থে বিশ্বের সবচেয়ে বড় জার্সি। এটির বৈশিষ্ট্য হলো, বাতাস দিয়ে ফুলিয়ে বড় করা যায়। যার ভেতরে বাচ্চারা ঢুকে অনায়াসে খেলাধুলাও করতে পারবে।
মেসির জন্য তৈরি করা ওই জার্সি সম্পর্কে আলেজান্দ্রো উরিবে বলেন, ‘জার্সিটি গলা থেকে কোমর পর্যন্ত ২০ মিটার লম্বা। এর পাশাপাশি এক হাত থেকে আর এক হাতের প্রস্থ ১৭ মিটার। আজ আমরা এই জার্সিতে বাতাস প্রবেশ করিয়েছি। '
তিনি আরো বলেন, 'এমনকি বাচ্চারা জার্সির ভেতর ফুটবল খেলাটাও বেশ উপভোগ করছে। পুরো বিশ্বে শার্টটি প্রদর্শন করা হবে।’