বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়নে বাবর-স্টোকস-রাজা
আর মাত্র একদিন পরই শেষ হতে যাচ্ছে চলতি বছর। খেলাধুলার অন্যান্য শাখার মতো এ বছর ক্রিকেটের লড়াইটা হয়েছে বেশ জমজমাট। বছরের অন্তিম ক্ষণে এসে বর্ষসেরা ক্রিকেটারের জন্য মনোনীত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার তথা স্যার গারফিল্ড সোবার্স ট্রফির জন্য মনোনীত হয়েছেন চারজন করে পুরুষ ও নারী ক্রিকেটার। পুরুষ ক্রিকেটারের তালিকায় আছেন ইংল্যান্ড, পাকিস্তান ও নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক।
বেন স্টোকস, বাবর আজম ও টিম সাউদির সঙ্গে তালিকায় জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। মেয়েদের তালিকায় ইংল্যান্ডের ন্যাট সিভার ও ভারতের স্মৃতি মান্ধানার সঙ্গে আছেন নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার ও অস্ট্রেলিয়ার বেথ মুনি।
.png)
বছর জুড়েই রানের ফোয়ারা ছোটানো বাবর আজম এ বছর তিন সংস্করণ মিলিয়ে ২৫৯৮ রান করেছেন। একমাত্র ক্রিকেটার হিসেবে চলতি বছরে ২ হাজারের বেশি রান করেছেন পাকিস্তানের অধিনায়ক। ৫৪.১২ গড়ে ব্যাট করে আটটি সেঞ্চুরির সঙ্গে করেছেন ১৭টি ফিফটি। ২০০৯ সালের পর এবারই প্রথম মতো তার নেতৃত্বে টি-২০ বিশ্বকাপের ফাইনালে খেলেছে পাকিস্তান।
আন্তর্জাতিক ক্রিকেটে চলতি বছরে সবচেয়ে বড় চমক সিকান্দার রাজা। জিম্বাবুয়ের এ অলরাউন্ডার এ বছর সম্পূর্ণ নতুন রূপে নিজেকে তুলে ধরেছেন। ব্যাট ও বল হাতে দুর্দান্ত সব সাফল্য এনে দিয়ে দলকে বিশ্বমঞ্চে আবারও তুলে ধরেছেন।
সব মিলিয়ে ২০২২ সালে ১৩৮০ রানের পাশাপাশি রাজা নেন ৩৩টি উইকেট। টি-২০ ও ওয়ানডে, দুই সংস্করণেই করেন ৬০০-এর বেশি রান। এছাড়াও টি-২০তে এই বছর ১৫০-এর ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এ অলরাউন্ডার, বোলিংয়ে ওভারপ্রতি খরচ করেছেন মাত্র ৬.১৩ করে রান।
বছরের শেষদিকে এসে টেস্ট অধিনায়কত্ব পান সাউদি। এর আগে তিন ফরম্যাত মিলিয়ে ৩১ ম্যাচে নিয়েছেন ৬৫ উইকেট। টি-২০ বিশ্বকাপে দলকে সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা ছিল তার।
বছরটা স্মরণীয় ছিল স্টোকসের জন্যও। গত বছরই টেস্ট ক্রিকেটে ধুঁকতে থাকা ইংল্যান্ডকে এ বছর নতুন কিছুর মন্ত্র শিখিয়েছেন এ অধিনায়ক। তার অধীনে ১০টি টেস্টের ৯টিতেই জিতেছে ইংল্যান্ড। আক্রমণাত্মক ক্রিকেটে বদলে দিয়েছে টেস্ট ক্রিকেটের পুরো ধরনটাই। টি-২০ বিশ্বকাপে দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন স্টোকস।