টি-২০ সিরিজে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের নেতৃত্বে স্যান্টেনার
চলতি বছরের শুরুতেই ভারতের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। এই সিরিজে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে পাওয়া যাচ্ছে না। তার জায়গায় সিরিজে দলকে নেতৃত্ব দিবেন স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টেনার। এর আগে অনিয়মিত অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকলেও সত্যিকার অর্থে বড় চ্যালেঞ্জটা এবারই প্রথম পেলেন।
আগেই জানা গিয়েছিল, চোটের কারণে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন থাকছেন না এই সিরিজে। তার চোট বা বিশ্রামে নানা সময়ে নেতৃত্ব দেওয়া টিম সাউদিও যাচ্ছেন না এই সফরে। দুজনের অনুপস্থিতিতে স্যান্টনার পেয়েছেন দায়িত্ব।
স্যান্টেনার টি-২০ সিরিজে দায়িত্বে থাকলেও ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন টম লাথাম। যথারীতি পঞ্চাশ ওভারের সিরিজেও থাকবেন না উইলিয়ামসন-সাউদিরা। ওয়ানডে সিরিজের দল ঘোষণা করা হয়েছে আগেই।
.png)
৮০ ম্যাচের টি-২০ ক্যারিয়ারে ১০টিতে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে স্যান্টনারের। তবে এর আগে মাত্র তিনবার পুরো সিরিজ নেতৃত্ব দিয়েছেন তিনি। তিন প্রতিপক্ষ ছিলো নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের।
ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজেও তিনি নেতৃত্ব দিয়েছেন। তবে সেসব ছিলো মূল অধিনায়কের বিশ্রামের কারণে স্রেফ একটি করে ম্যাচে। এই প্রথমবার বড় দলের বিপক্ষে পুরো সিরিজে নেতৃত্ব পেলেন তিনি।
এবার দলে নতুনদের ছড়াছড়ি। প্রথমবার সুযোগ পেয়েছেন বেন লিস্টার। ২৭ বছর বয়সী বাঁহাতি পেসার গত মৌসুমে অকল্যান্ডের বর্ষসেরা বোলারের স্বীকৃতি জিতে নেন। নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে গত বছর ভারত সফরের অভিজ্ঞতাও আছে তার।
টি-২০ সিরিজের ম্যাচ তিনটি মাঠ গড়াবে যথাক্রমে ২৭, ২৯ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি। এর আগে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ১৮, ২১ ও ২৪ জানুয়ারি।
নিউজিল্যান্ড দল:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, বেন ক্লিভার, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, বেন লিস্টার, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মাইকেল রিপন, হেনরি শিপলি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।