হেড কোচ খুঁজে পেল বিসিবি, চুক্তি ২ বছরের
রাসেল ডোমিঙ্গো বিদায় নেয়ার পর কে হবেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ, এ নিয়ে সমানে চলছিলো আলোচনা। এতোদিন কিছুই জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার জানা গেলো, হেড কোচ খুঁজে পেয়েছ তারা। তবে খানিকটা রহস্য রেখেই দিলো বিসিবি।
হেড কোচ খুঁজে পেলেও এখনই নাম প্রকাশ করতে চায় না ক্রিকেট বোর্ড। আনুষ্ঠানিক চুক্তির পর নাম প্রকাশ করতে চান বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
বোর্ডের এই শীর্ষ কর্তা নাম না জানাতে চাইলেও জোর গুঞ্জন, সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের দিকেই হাত বাড়িয়েছে বিসিবি। নতুন হেডকোচের সঙ্গে বিসিবির চুক্তি হচ্ছে দুই বছরের। টি টোয়েন্টির টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের সঙ্গেও দীর্ঘ হচ্ছে সম্পর্ক।
জালাল ইউনুস বলেন, 'এখানে যে দু’একজন প্রার্থী আসার কথা রয়েছে, মোরাললেস আমরা ফাইনাল করেছি। ফাইনাল যার সঙ্গে হবে যখন কন্ট্রাক্ট, স্বাক্ষর করা হয়ে যাবে তখন আমরা আপনাদের জানাবো।'
বিসিবির পক্ষ থেকে এখনো কোনো কিছু খোলাসা না করলেও হাতুরুসিংহেকে ধরে রাখার কারণটা অনুমেয় বিসিবি কথাবার্তায়। কেননা বিসিবি চেয়েছিলো, বিশ্বকাপের বছরে বাংলাদেশের দায়িত্ব উপমহাদেশীয় কোনো কোচের হাতে থাকুক।