আজ শুক্রবার (২০ জানুয়ারি) বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে এই মাইলফলকে প্রবেশ করেন তামিম। ম্যাচের আগে ২৪২ টি-২০র ২৪১ ইনিংসে ব্যাট করে তার রান ছিল ৬৯৯৫। চট্টগ্রামের বিপক্ষে ৫ রান করতেই ৭ হাজারি ক্লাবে পৌঁছান তামিম।
এটি টি-২০র সব ধরনের ক্রিকেট মিলিয়ে করা তামিমের রান। সব মিলিয়ে টি-২০তে ৪০তম ব্যাটার হিসেবে ৭ হাজার রান করেছেন তামিম। এই মাইলফলকে দ্রুততম হিসেবে আছেন নবম স্থানে। আন্তর্জাতিক টি-২০তে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
.png)
২০১৬ টি-২০তে ওমানের বিপক্ষে পেয়েছিলেন সেই সেঞ্চুরি। এ ফরম্যাটে তার মোট সেঞ্চুরি সংখ্যা ৪টি। এছাড়া ফিফটি আছে ৪৫টি। যার ৭টি কেবল আন্তর্জাতিক মঞ্চে। গত বছর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় বলা তামিম ৭৮ ম্যাচে করেছেন ১ হাজার ৭৫৮ রান।
সাকিব আল হাসান রান তোলায় আছেন দ্বিতীয় স্থানে। ৩৫৭ ইনিংসে তার রান ৬ হাজার ৫৪৬। মাহমুদউল্লাহ ২৬৫ ইনিংসে রান করেছেন ৫ হাজার ৩০১। মুশফিকুর রহিম ২৩০ ইনিংসে ৫ হাজার ১৩০ রান করেছেন। এরপর রয়েছেন সাব্বির রহমান। ১৭৫ ইনিংসে তার রান ৩ হাজার ৬৯৯।
তামিম টি-২০তে আইপিএল, সিপিএল, পিএসএলসহ অনেক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই সুযোগ পেয়েছেন। খেলেছেন এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের হয়েও।