নিজের শেষটাও সুখকর না হলেও সতীর্থদের শেষটা সুন্দর দেখতে চান মাশরাফী। আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে তেমনটাই জানালেন স্বাগতিক দলের অধিনায়ক। তিনি জানান, মাঠ থেকে বিদায় নেয়ার আশা করেন না তিনি।
মাশরাফী আরো জানান, বোর্ডের কাছ থেকেও তার কিছু চাওয়ার নেই। আর কোনোকিছু প্রত্যাশাও করেন না। তবে সাকিব আল হাসান বা তামিম ইকবালদের মতো ক্রিকেটারদের মাঠ থেকেই বিদায় দেখতে চান বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক।
.png)
মাশরাফী বলেন, ‘হ্যাঁ অবশ্যই ওই সংস্কৃতিতে যাওয়া উচিত। ওই সংস্কৃতি সেট আপ করা দরকার। যারা আছে এখন, সাকিব, মুশফিক, রিয়াদ, তামিম, কেউ স্বীকার করুক বা না করুক; তারা বাংলাদেশের কিংবদন্তি। এটা নিয়ে কোনো সন্দেহ নাই।'
তিনি আরো বলেন,'তাদের ক্ষেত্রে যেন ওই সুযোগ (মাঠ থেকে বিদায় দেওয়ার) বাংলাদেশের মানুষ পায়। তারা যেন ওই সম্মানটা নিয়ে মাঠ থেকে বিদায় নিতে পারে। দীর্ঘদিন, দীর্ঘসময় তারা শ্রম দিয়েছে।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক আরও বলেন, ‘অনেক কিছু ত্যাগ করেই সময় দিয়েছে। মানুষ তো হিসাব করে কত টাকা পেল। কিন্তু তারা যে শ্রম দিয়েছে, দিনের পর দিন ত্যাগ করেছে, এটা কেউ জানে না। ওই সম্মানটা যেন তারা পায়।'
নিজের বিষয়ে মাশরাফী বলেন, ‘কোনো প্রত্যাশা নিয়ে আসিনি, যেতেও চাইনি। তিন বছর আগেও এই প্রত্যাশা নিয়ে এখান থেকে যাইনি যে আমাকে ক্রিকেট বোর্ড থেকে বা কোনো জায়গা থেকে কী দেবে। সেই আশায় আমি বসেছিলাম না।'
দেশসেরা অধিনায়ক আরো বলেন,'আমার খুশি আমার কাছে, সেটা কারো কাছে বিক্রিও করতে আসিনি, কিনতেও আসিনি। আমার যেটা মন চেয়েছে, যেটা করে মনে করি ঘরে গিয়ে শান্তিতে ঘুমাতে পারব, সেটাই করেছি ক্রিকেটের ক্ষেত্রে।'