বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে মরক্কোর রাজধানী রাবাতে ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মিসরের ক্লাবটিকে ৪-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল। ম্যাচে গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র, ফেদে ভালভার্দে, রদ্রিগো ও সার্জিও আরিবাস। তবে ম্যাচে একটি পেনাল্টি মিস করেছেন লুকা মদ্রিচ।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সৌদি আরবের আল-হিলালের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলবে রিয়াল। দলটি প্রথম সেমিফাইনালে ৩-২ গোলে লাতিন আমেরিকান দল ফ্লামেঙ্গোকে হারিয়েছে।
.png)
পুরো ম্যাচে ব্যবধান ছিল ২-১। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে দুটি গোল হয়েছে। প্রথমার্ধের বিরতির আগে ভিনিসিয়ুস বক্সে ঢুকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে বল জড়ান। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে বক্সের বাইরে থেকে লম্বা শটে প্রতিপক্ষের গোলবারে বল জড়ান উরুগুয়ের মিডফিল্ডার ভালভার্দে।
৬৫ মিনিটে আলি মালউলের গোলে ব্যবধান কমায় আল আহলি। দ্বিতীয়ার্ধের যোগ করা আট মিনিটের মধ্যে রদ্রিগো তৃতীয় গোলটি করেন। শেষ মিনিটে ভিনিসিয়ুসের বদলি নেমেই দলের হয়ে চতুর্থ ও ম্যাচের শেষ গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার আরিবাস।