মলম লাগিয়ে শাস্তির কবলে জাদেজা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট চলাকালীন সময় মাঠের মধ্যেই আঙুলে মলম লাগিয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। সে কারণে এই অলরাউন্ডারকে শাস্তি দিয়েছে আইসিসি। জাদেজার ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার নামের পাশে।
এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে বল করার সময় মোহাম্মদ শামি এবং মোহাম্মদ সিরাজকে জাদেজার আঙুলে মলমের মতো কিছু দিতে দেখা যায়। যা নিয়ে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্রশ্ন ওঠে। বল বিকৃত করা হচ্ছে কি না সে প্রশ্নও তোলা হয়।
টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার মিডল অর্ডারকে একাই শেষ ধসিয়ে দেন জাদেজা। ৫ উইকেট নেন তিনি। চোট সারিয়ে পাঁচ মাস পর মাঠে নেমেছেন জাদেজা। ম্যাচ সেরাও হয়েছেন তিনি। আইসিসি জানিয়েছে, আম্পায়ারের কাছ থেকে অনুমতি না নিয়েই খেলার মধ্যে মলম লাগানোর জন্যই শাস্তি দেওয়া হয়েছে জাজেদাকে।
জাদেজার বিরুদ্ধে বল বিকৃত করার কোনো অভিযোগ করেনি আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে যে, মাঠের আম্পায়ারকে জিজ্ঞেস করে তবেই আঙুলে মলম লাগানো উচিত ছিল জাদেজার। সেটা না করার জন্যই শাস্তি দেওয়া হলে ভারতীয় অলরাউন্ডারকে।
জাদেজা এই শাস্তি মেনে নিয়েছেন। সেই কারণে এই ঘটনার আর কোনও তদন্ত হবে না। ম্যাচ রেফারি মেনে নিয়েছেন যে ব্যথা কমানোর জন্যই মলম লাগিয়েছিলেন জাদেজা। এর ফলে বল বিকৃত হয়নি।