ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসি-পিএসজি চুক্তি নিয়ে অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:২৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
মেসি-পিএসজি চুক্তি নিয়ে অনিশ্চয়তা
লিওনেল মেসি

বিশ্বকাপের পরই পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবেন লিওনেল মেসি, আগে শোনা গিয়েছিল এমনটাই। কিন্তু ফিফা আয়োজিত বৈশ্বিক টুর্নামেন্টের পর্দা নামার প্রায় ২ মাস পার হলেও তা আর আলোর মুখ দেখেনি। এরই মধ্যে বোমা ফাটিয়েছে ফরাসি সংবাদমাধ্যম এল ইকুইপ। তারা দাবি করেছে, মেসি-পিএসজির চুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে। 

ক্রীড়াভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ইএসপিএনের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে জানানো হয়, মেসির এজেন্ট হিসেবে কাজ করেন তার বাবা জর্জ মেসি। বুধবার (১৫ ফেব্রুয়ারি) পিএসজির সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। সেখানে তাকে ছেলের বেতন কমানোর প্রস্তাব দেয় ক্লাবটি। 

তবে তাতে রাজি হননি জর্জ। অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়েও পিএসজির সঙ্গে একমত হতে পারেননি তিনি। এতেই মূলত পার্ক দেস প্রিন্সেসে মেসির ভবিষ্যত শঙ্কায় পড়ে গেছে। 

Advertisement

এদিকে এরই মধ্যে মেসির প্রতি আগ্রহ প্রকাশ করেছে মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামি। ২০২২ কাতার বিশ্বকাপে জাদুকরী পারফরম্যান্স দেখিয়ে সোনালি ট্রফি জেতেন আর্জেন্টাইন অধিনায়ক। এরপর থেকেই তার ওপর পাখির চোখ করে রয়েছে মার্কিন ক্লাবটি।

চলতি গ্রীষ্মেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে মেসির। এরপর মুক্ত হয়ে পড়বেন তিনি। ফলে পরবর্তী সময়ে যেকোনো ক্লাবে যোগ দিতে পারবেন ৩৫ বছর বয়সী ফুটবলার। অবশ্য মেসির সঙ্গে আরও এক মৌসুম চুক্তি বাড়ানোর সুযোগ রয়েছে পিএসজির। এখন সেটা হয় কি না, তাই দেখার অপেক্ষা।

এর আগের রিপোর্টে জানা যায়, চ্যাম্পিয়নস লিগে দলের পারফরম্যান্সের ওপর পিএসজিতে মেসির ভবিষ্যত নির্ভর করছে। লিগের ১৬ রাউন্ডের প্রথম লেগে গত মঙ্গলবার বায়ার্ন মিউনিখের কাছে ১-০ ব্যবধানে হেরেছে প্যারিসের দলটি। ফলে ইউরোপ সেরা লিগ থেকে তাদের ছিটকে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বাস্তবে এমনটি হলে তাকে ছেড়ে দিতে পারে দ্য পারিসিয়ানরা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!