টেস্ট ক্যারিয়ারে প্রথম স্ট্যাম্পড আউট হলেন বিরাট-রোহিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে দিল্লি টেস্টের দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি স্ট্যাম্পড আউট হলেন। তার টেস্ট ক্যারিয়ারের এই প্রথম তিনি এ ধরনের আউট হলেন। শুধু তাই নয়, রোহিত শর্মাও তার টেস্ট ক্যারিয়ারে রানআউট হলেন এই প্রথম।
রোববার দিল্লি টেস্টে অস্ট্রেলিয়ার দেওয়া ১১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর বিরাট কোহলি উইকেটে আসেন ৩ নম্বর ব্যাটার হিসেবে। এসেই করেন ২০ রান। এরপরই ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে স্ট্যাম্প আউট হয়ে যান ভারতের সাবেক অধিনায়ক। যিনি আন্তর্জাতিক ক্রিকেটে একাধিকবার স্ট্যাম্প আউট হলেও টেস্টে হয়েছে এই প্রথম।
কিছুটা উদ্ভটভাবেই স্ট্যাম্প আউট হন কোহলি। টড মার্ফির বলটা মারার কোনও ইচ্ছা ছিল না বিরাটের। বলটা ডিফেন্ড করতে গিয়েছিলেন; কিন্তু ফুল লেংথের বল ব্যাটে ঠেকাতে পারেননি। উইকেটের পিছনে একেবারে সহজ স্ট্যাম্পিং করেন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারে। ৩১ বলে ২০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান বিরাট।
মার্ফির বলে স্ট্যাম্প আউট হওয়ার ফলে টেস্টে প্রথমবার এই নিয়মে আউট হয়েছেন বিরাট। অর্থাৎ ১০৬টি টেস্টের মধ্যে প্রথমবার স্ট্যাম্প আউট হলেন তিনি।
অপরদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১৫ রান করতে নেমে রান আউট হন রোহিত শর্মাও। চেতেশ্বর পুজারার ভুলে রান আউট হন ভারতীয় অধিনায়ক। মিড-উইকেটের দিকে বল ঠেলে প্রাথমিকভাবে দুই রান নেয়ার পরিকল্পনা ছিল। প্রথম রান জোরে দৌড়ে নেন। দ্বিতীয় রান নেয়ার জন্যও দৌড় শুরু করেন। কিন্তু পিচের মাঝামাঝি জায়গায় গিয়ে দ্বিতীয় রান নেবেন না বলে ঠিক করেন রোহিত। সে জন্য পুজারার উদ্দেশ্যে জোরে কলও করেন। কিন্তু সেদিকে খেয়াল করেননি পুজারা। তিনি নন-স্ট্রাইকার্স এন্ডের দিকে দৌড়াতে থাকেন। সেই পরিস্থিতিতে পুজারার জন্য নিজের উইকেট ছুড়ে দেন রোহিত।