ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

এগিয়ে থাকলেও রিয়ালকে ফেভারিট ভাবছেন জাভি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:২২, ২ মার্চ ২০২৩
এগিয়ে থাকলেও রিয়ালকে ফেভারিট ভাবছেন জাভি
জাভি হার্নান্দেজ

সবশেষ লড়াইয়ে আছে জয়ের সুখস্মৃতি। রিয়াল মাদ্রিদকে হারিয়েই যে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছিল বার্সেলোনা। বর্তমানে লিগ টেবিলেও চিরপ্রতিদ্বন্দ্বিদের চেয়ে এগিয়ে। তবে কোপা দেল রের লড়াইয়ের আগে চিরপ্রতিদ্বন্দ্বীদেরই এগিয়ে রাখছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।

কাতালান ক্লাবটির কোচ মনে করেন, তার দলের বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টায়।

চলতি মাসে সব প্রতিযোগিতা মিলিয়ে এল ক্লাসিকো হবে তিনটি। এর মধ্যে প্রথমটি বৃহস্পতিবার (০২ মার্চ)। কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে রিয়াল ও বার্সেলোনা। দ্বিতীয় লেগের লড়াইয়ের আগে হবে লা লিগার ম্যাচ।

জাভি কোচ হওয়ার পর চারটি ক্লাসিকোতে এখন পর্যন্ত দুটিতে জিতেছে বার্সেলোনা। গত মৌসুমে লা লিগায় ৪-০তে জেতার পর গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৩-১ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় তারা।

চলতি মৌসুমে লা লিগার পয়েন্ট টেবিলে শিরোপাধারী রিয়ালের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে আছে বার্সেলোনা। সাম্প্রতিক ক্লাসিকো ফর্ম ও লা লিগার অবস্থান মিলিয়ে তাই আসছে লড়াইয়ে জাভির দলকে ফেভারিট দেখছেন কেউ কেউ।

স্প্যানিশ এই কোচ অবশ্য তা মানতে নারাজ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জাভি বললেন, পিছিয়ে থেকেই মাঠে নামবে তার দল। তিনি বলেন, রিয়াল মাদ্রিদই ফেভারিট থাকবে, কারণ তারা লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন। স্প্যানিশ সুপার কাপে আমরা ভালো করেছি বা অন্য কোনো কারণ যাই হোক বিষয়টি একই।

জাভি আরও বলেন, সুপার কাপে হয়তো আমরা তাদের হারাতে পেরেছি, কিন্তু এটা মাদ্রিদ। আমাকে সৎ হতে হবে। তবে আমি মনে করি, আমরা তাদের সমস্যায় ফেলতে পারি এবং আমি সামগ্রিকভাবে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই আশা করছি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!