ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
অভিষেকে সর্বোচ্চ

‘হৃদয়’ জিতে নেয়া তৌহিদই ম্যাচসেরা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৯, ১৮ মার্চ ২০২৩
‘হৃদয়’ জিতে নেয়া তৌহিদই ম্যাচসেরা
তৌহিদ হৃদয়

এ যেন স্বপ্নের চেয়েও বেশি কিছু। একজন ক্রিকেটার ক্যারিয়ারের শুরুতে এর চেয়ে বেশি আর কিছু চাইতে পারেন? চলতি মাসের শুরুর দিকেই জাতীয় দলের হয়ে টি-২০ ফরম্যাটে অভিষেক হয়েছিল তৌহিদ হৃদয়ের।

সপ্তাহ তিনেকের ব্যবধানে ওয়ানডে ক্যাপও পেলেন তিনি। অভিষেকটা বড় ইনিংস দিয়েই রাঙিয়েছেন এ ব্যাটার, করেছেন রেকর্ড। আর সবকিছুর পূর্ণতায় অভিষেকেই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি।

নিজের প্রথম ম্যাচে ৫৫ বলে অর্ধ শতক পূরণ করেন হৃদয়। এরপর ৮৫ বলে ৯২ রান করে কাটা পড়েছেন নার্ভাস নাইন্টিতে। অন্যথায় পেয়ে যেতেন প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে অভিষেকেই সেঞ্চুরির অনবদ্য রেকর্ডের স্বাদ।

Advertisement

গ্রাহাম হিউমের করা ৪৬তম ওভারের পঞ্চম বলটি গুড লেন্থে পড়ে লেগ স্ট্যাম্প বরাবর আসছিল। ঘুরে দাঁড়িয়ে মিড উইকেটের ওপর দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন হৃদয়। কিন্তু ব্যাটে-বলে কোনো সংযোগ হয়নি। বল সরাসরি আঘাত হানে উইকেটে।

হৃদয় সেঞ্চুরি না পেলেও বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেকে এটাই সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে বাংলাদেশের হয়ে অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল নাসির হোসেনের দখলে। জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ রানের ইনিংস খেলেছিলেন এ অলরাউন্ডার।

ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতে হৃদয়ের সাহসী ইনিংস জিতে নিয়েছে হাজারো টাইগার ভক্তের ‘হৃদয়’। অভিষেকেই ম্যাচসেরা হওয়ায় সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ থেকে হয়তো কিছুটা হলেও মুক্তি পাবেন তিনি।

বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে জার্সিতে ১৪০তম ক্রিকেটার হৃদয়। এই সংস্করণের ক্রিকেটে সর্বশেষ গত বছরের আগস্টে অভিষেক হয়েছিল এবাদত হোসেনের। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে নামার আগে তাকে অভিষেক ক্যাপ পরিয়ে দেন মুশফিকুর রহিম।

ডেইলি-বাংলাদেশ/এএল
ট্যাগ: তৌহিদ হৃদয়
লিংক সফলভাবে কপি হয়েছে!