ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ২০২৩

সিরিজ জয়ের লক্ষ্যে কাল আয়ারল্যান্ডের বিপক্ষে নামছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৫, ২২ মার্চ ২০২৩
সিরিজ জয়ের লক্ষ্যে কাল আয়ারল্যান্ডের বিপক্ষে নামছে বাংলাদেশ
ফাইল ছবি

নিজেদের আগ্রাসী ব্র্যান্ড ধরে রাখার লক্ষ্যে আগামীকাল সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

প্রথম ওয়ানডেতে রেকর্ড জয়ের পর আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। এ ম্যাচে মুশফিকুর রহিমের ৬০ বলে অপরাজিত ১০০ রানের সুবাদে ওয়ানডেতে ৬ উইকেটে ৩৪৯ রানে সর্বোচ্চ সংগ্রহ পায় বাংলাদেশ।

সাকিব আল হাসানকে টপকে এ ম্যাচে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়েন মুশফিক। তার ব্যাটিং বুঝিয়ে দিয়েছে, ভারতে আসন্ন বিশ্বকাপের জন্য দল তৈরি করার লক্ষ্যে এখন থেকেই কিভাবে ওয়ানডে ক্রিকেট খেলতে চাইছে বাংলাদেশ।

Advertisement

এর আগে প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে ৩৩৮ রান করেছিল বাংলাদেশ। ম্যাচটিতে রান বিবেচনায় নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ১৮৩ রানের জয় পায় টাইগাররা।

প্রথম দুই ম্যাচে বাংলাদেশের সামনে লড়াই করতে পারেনি সফরকারীরা। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় এখনও আয়ারল্যান্ডের সামনে সিরিজ সমতায় শেষ করার সুযোগ আছে।

সব মিলিয়ে এখন পর্যন্ত ১২টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে, আয়ারল্যান্ডের জয় ২টিতে। বাকী ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

আয়ারল্যান্ডের কোচ হেনরিচ মালান বলেন, ‘আমরা বিষয়টিকে বিবেচনায় রাখছি, আগামীকাল আমাদের এক-দু’টি নতুন উপায় বের করতে হবে যাতে জুটি ভাঙতে পারি ও প্রতিপক্ষের কিছু খেলোয়াড়কে চাপে রাখতে পারি।’

তিনি আরো বলেন, ‘এটি ভালো উইকেট ছিল। যতটা প্রভাব ফেলবে বলে আমরা আশা করেছিলাম ততটা হয়নি। এটি এমন কিছু যা আমরা আমরা চিহ্নিত করেছি এবং আগামীকাল সমাধান করার চেষ্টা করবো।’

তৃতীয় ওয়ানডের দল থেকে আফিফ হোসেন এবং শরিফুল ইসলামকে বাদ দিয়েছে বাংলাদেশ। রনি তালুকদারের মত খেলোয়াড়ের দেশের হয়ে প্রথম ওয়ানডে খেলার সুযোগ থাকছে।

প্রথম ওয়ানডের আগে অনুশীলন সেশনে ফুটবল খেলতে গিয়ে চোখে ব্যাথা পান অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠেছেন তিনি।

বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও রনি তালুকদার।

আয়ারল্যান্ড দল: অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, স্টিফেন দোহেনি, হ্যারি টেক্টর, মার্ক আদাইর, লরকান টাকার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, কার্টিস ক্যাম্ফার, অ্যান্ড্রু ম্যাকব্রিন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!