কাতার বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে পানামার বিপক্ষে ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ার মিলিয়ে ৮০০ গোলের মাইলফলক ছুঁয়েছিলেন মেসি। সেটিও আবার দুর্দান্ত এক ফ্রি-কিকে। আন্তর্জাতিক বিরতির দ্বিতীয় প্রীতি ম্যাচে আগামীকাল ভোরে কুরাকাওয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা।
এই ম্যাচেও নতুন মাইলফলকের হাতছানি মেসির সামনে। আর মাত্র এক গোল করলেই জাতীয় দলের জার্সিতে শততম গোলের মাইলফলক ছুঁয়ে ফেলবেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন মহাতারকা।
.png)
কাতার বিশ্বকাপ জয়ের পর মেসির সময়গুলো কাটছে দারুণ। বিশ্বকাপের পর তিন তারকা জার্সিতে আর্জেন্টিনার প্রথমবার মাঠে নামাকে স্মরণীয় করেছে বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামের ৮৪ হাজার দর্শক। এখানেই শেষ নয়, এবার দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) তৈরি করেছে মেসির ভাস্কর্য।
যা থাকছে কনমেবলের জাদুঘরে। আর্জেন্টাইন অধিনায়কের এই ভাস্কর্য রাখা হবে পেলে ও দিয়েগো ম্যারাডোনার ভাস্কর্যের পাশে। শুধু কী তাই? এদিন কনমেবল প্রেসিডেন্ট আলেসান্দ্রো ডমিনগুয়েজ মেসিকে বিশ্ব ফুটবলের ‘শাসক’ ঘোষণা করেছেন।
এর আগে মেসির নামে জাতীয় দলের অনুশীলন সেন্টারের নামকরণ করেছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। উদযাপনের এমন আবহেই আরেকটি প্রীতি ম্যাচে কুরাকাওয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার ভোর সাড়ে পাঁচটায় ম্যাচটি শুরু হবে।
এই ম্যাচে মাত্র এক গোল করলেই জাতীয় দলের জার্সিতে শততম গোলের মাইলফলকে পা রাখবেন মেসি। ১৭৩ ম্যাচে তার গোল ৯৯টি। দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ গোল গ্যাব্রিয়েল বাতিস্তুতার। আর্জেন্টিনার জার্সিতে তার অভিষেক ২০০৫ সালে। তিনি প্রথম গোল করেন ষষ্ঠ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে।
মেসি ৫০তম গোল পান ২০১৬ সালে বলিভিয়ার বিপক্ষে। বিশ্বকাপ বাছাইপর্বে সেই ম্যাচটা ছিল আন্তর্জাতিক ক্যারিয়ারের ১০৭তম। বয়স যত বেড়েছে গোলের ক্ষুধাও বেড়েছে তত। তাই পরের ৬৬ ম্যাচে মেসির গোল ৪৯টি। এখন তার সামনে শততম গোলের চূড়ার অপেক্ষা।