জামালদের সাফ ক্যাম্প হবে কাতারে!
আগামী ২১শে জুন প্রতিবেশী দেশ ভারতে হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসর। আসন্ন এই সাফ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জিং। কারণ এই সাফে প্রথমবারের মতো খেলবে অতিথি দেশ।
তবে অতিথি দেশ অবশ্যই বাংলাদেশ কিংবা ভারতের চেয়ে শক্তিতে এগিয়ে রয়েছে- এমন দেশকে নিয়েই আসন্ন সাফ আয়োজন করার কথা ভাবছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। তাই এবারের সাফ নিয়ে বড় পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফলে এই আসরকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প কাতারে করার চিন্তা করছে বাফুফে।
বুধবার (৫মার্চ) ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বলেন, ‘আমাদের জাতীয় দলের একটা মিটিং হোক। আগামী সপ্তাহে একটা মিটিং করার চেষ্টা করব। মিটিং হোক। মিটিং করে ফাইনাল করে আমরা জানাবো। তবে কয়েকটি দেশের মধ্যে কাতারকে প্রাথমিক তালিকায় রেখেছি। কাতারে সাফের ক্যাম্প করার পকিল্পনা রয়েছে।’
.png)
কাতারে সাফের ক্যাম্প হবে-এমন খবর কয়দিন আগেই গণমাধ্যমকে বলেছিল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি বলেছিলেন, ‘সাফের প্রস্তুতির জন্য জাতীয় দলকে কাতারে পাঠানোর পরিকল্পনা আছে আমার। কারণ, দেশে অনুশীলনের জন্য ভালো মাঠ নেই। আমি এর আগেও কাতারে দল পাঠাতে চেয়েছিলাম। এখন দেখা যাক কি হয়।’
এবারের সাফ হবে আট দলের কিংবা সাত দলের। প্রথমবারের মতো ছেলেদের সাফে খেলবে অতিথি দেশ। তবে কোন অতিথি দেশ খেলবে তা এখনো চূড়ান্ত হয়নি। এদিকে চলতি বছরের ২০শে এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে শ্রীলংকা। তারা শেষ পর্যন্ত না অংশগ্রহণ করলে অতিথি দেশ খেলবে ২টি। আর যদি এর মধ্যে ফিফার নিষেধাজ্ঞা উঠঠে যায় শ্রীলংকার, তাহলে অতিথি দেশ খেলবে একটি।
অতিথি দেশ নিশ্চিত হলে আগামী ১০-১২ মে ভারতে ড্র অনুষ্ঠিত হবে। তার আগে ঢাকায় সাফ কংগ্রেস রয়েছে। সেই কংগ্রেস শেষেও ড্র অনুষ্ঠান করার বিকল্প পরিকল্পনা রয়েছে সাফের।