ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিব-লিটনের জন্য যে বিশেষ প্রস্তাব দিয়েছিল কলকাতা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫২, ৭ এপ্রিল ২০২৩
সাকিব-লিটনের জন্য যে বিশেষ প্রস্তাব দিয়েছিল কলকাতা
ছবি: সংগৃহীত

দেশের খেলা থাকায় আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলো বাংলাদেশের টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান। তার বদলে কলকাতা নাইট রাইডার্স ইতোমধ্যে দলে ভিড়িয়েছে ইংল্যান্ডের মারকুটে ব্যাটার জেসন রয়কে। কিন্ত টাইগার এই দলনেতাকে পেতে নানা চেষ্টা চালিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দলটি। সাকিবকে পেতে একটি বিশেষ প্রস্তাবও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পাঠিয়েছিল কলকাতা।   

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, যেহেতু আইপিএল চলাকালীন বাংলাদেশের খেলা রয়েছে তাই সাকিব ও লিটনকে দলে পেতে বিশেষ প্রস্তাব দিয়েছিল কেকেআর। কিন্তু দেশের হয়ে সাকিব-লিটনকে খেলানোর জন্য সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিল বিসিবি।

সংবাদমাধ্যমের দাবি, কেকেআর বিসিবিকে প্রস্তাব দিয়েছিল, টেস্ট ম্যাচে লিটন দেশের হয়ে খেলুক। কিন্তু সাকিব আইপিএলের শুরু থেকে কেকেআরের হয়ে খেলুক। টেস্ট শেষ হলে লিটন আইপিএলে আসুক। আবার যখন মে মাসে বাংলাদেশ আয়ারল্যান্ডে খেলতে যাবে সেই সময় সাকিব দলের সঙ্গে খেলতে যাক, কিন্তু লিটন কেকেআরের হয়ে খেলুক।

Advertisement

সিরিজ শেষ হয়ে গেলে সাকিব আবার চলে আসুক কলকাতায়। তা হলে দুই পক্ষের সমস্যা মিটে যাবে বলে আশা করেছিল কেকেআর। 

কিন্তু কলকাতার এই প্রস্তাব মানেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, তারা দেশের দুই ক্রিকেটারকে ছাড়তে চায়নি। এমনকি সাকিবকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দলেও নিয়ে নেয়া হয়। এতে সাকিবের আইপিএল খেলায় সমস্যা হয়।

এবারের আইপিএল শুরু হয় গত ৩১ মার্চ থেকে। ১ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলে কলকাতা। তার আগের দিন, অর্থাৎ ৩১ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শেষ ম্যাচ খেলে বাংলাদেশ। তার পরে আবার ৪ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলছে টাইগাররা।

এদিকে আগামী মাসেও ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের সিরিজ রয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তাই বোর্ডের কাছ থেকে ছাড়পত্র না পাওয়ায় শেষ পর্যন্ত আইপিএল থেকে নাম তুলে নেন সাকিব। 

এদিকে টেস্টের পর লিটনের আইপিএল খেলতে যাওয়ার কথা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!