ইতালিয়ান ট্যাকটিশিয়ান কার্লো আনচেলত্তির কোচিংয়ে চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত সময় পার করছে রিয়াল মাদ্রিদ। দলটি রেকর্ড ১৫তম শিরোপার পথে ঠিকভাবেই এগোচ্ছে। কোয়ার্টারের প্রথম লেগে ২-০ গোলের জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে স্প্যানিশ জায়ান্টরা।
প্রায় ইনজুরিমুক্ত স্কোয়াড আর বেনজেমা-ভিনিসিয়ুসদের উড়ন্ত ফর্মে ফেভারিটের তকমা পাচ্ছে লস ব্লাঙ্কোসরা। বিপরীতে সময়টা যাচ্ছে না চেলসির। তিন কোচ নিয়েও শেষ ৬ ম্যাচে জয় দেখেনি ব্লুজরা। গেল মৌসুমে এই রিয়ালের কাছেই ঘরের মাঠে ৩-১ গোলে হেরেছিল তারা।
.png)
চেলসির মিশন ইম্পসিবল আরো কঠিন করে তুলেছে ইনজুরি আর নিষেধাজ্ঞা। কার্ড জটিলতায় বেন চিলওয়েল ও হ্যামস্ট্রিংয়ের চোট কেড়ে নিয়েছে কালিদৌ কুলিবালিকে। অনুশীলনে অংশ নিলেও অনিশ্চিত কাই হাভার্টজ ও রুবেন লফটাসচেকের খেলা। তবে ডু অর ডাইয়ের জন্য শতভাগ প্রস্তুত ল্যাম্পার্ডের দল।
চেলসি কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড বলেছেন, ফুটবলে যেকোনো কিছুই হতে পারে। আর কোনো সন্দেহ নেই, আমরা লড়াই করার মতো এক দল। যদিও রিয়াল অনেক উঁচু স্তরের প্রতিপক্ষ। তবে আমি আমার ফুটবলারদের চিনি। তাদের প্রতি আমার আস্থা আছে।
রিয়াল মাদ্রিদ কোচ কার্লোস আনচেলত্তি বলেছেন, এখনও ৯০ মিনিট বাকি। আর আমরা জানি চ্যাম্পিয়ন্স লিগ যে কোন সময় কোন কিছু হতে পারে। তাই সহজ ম্যাচের আশা করছি না। চেলসিকে নিয়ে আমরা সতর্ক।