ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শিরোপার আরো কাছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৮, ৩০ এপ্রিল ২০২৩
শিরোপার আরো কাছে বার্সেলোনা
ছবি- সংগৃহীত

চলতি মৌসুমে লা লিগায় শিরোপার লড়াইয়ে শুরু থেকেই এগিয়ে ছিল বার্সেলোনা। তবে নিজেদের শেষ কয়েক ম্যাচে খেই হারিয়ে ফেলে বার্সা। এতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে আসে তাদের। তবে ঘরের মাঠে রিয়াল বেতিসকে নাস্তানাবুদ করে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরো পাকাপোক্ত করলো কাতালান ক্লাবটি।

শনিবার রাতে ক্যাম্প ন্যুয়ে রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। এ ম্যাচে প্রতিপক্ষের জালে এক হালি বল জড়িয়েছে স্বাগতিকরা। আন্দ্রেয়াস, লেভানদোভস্কি ও রাফিনিয়ার গোলে বেতিসকে ৪-০তে উড়িয়ে দিয়েছেন জাভি হার্নানদেজের শিষ্যরা।

এদিন আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে শুরু থেকেই বেতিসকে কোণঠাসা করে রাখে বার্সা। ডানদিক থেকে একের পর এক ভীতি জাগানিয়া ক্রস পাঠাতে থাকেন রাফিনিয়া। ব্রাজিলিয়ান এই উইঙ্গারের তেমনই চমৎকার একটি ক্রস থেকে হেডে গোল করে বার্সাকে এগিয়ে দেন ক্রিস্টেনসেন। কাতালান ক্লাবটির হয়ে এটিই প্রথম গোল এই ডেনিশ ডিফেন্ডারের।

Advertisement

গোল খেয়ে খোলস ছেড়ে বেরিয়ে আসে বেতিস। আক্রমণ-পাল্টাআক্রমণে জমে ওঠে খেলা। তবে ম্যাচের ৩৩তম মিনিটে বড় ধাক্কা খায় সফরকারী দলটি। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এডগার গঞ্জালেস।

১০ জনের দলে পরিণত হওয়ার পর নিজেদের গুছিয়ে নেওয়ার আগেই আরও পিছিয়ে পড়ে সফরকারীরা। জুলস কুন্দের ক্রস থেকে গোল করেন লেভানদোভস্কি। চলতি লিগে এটি তার ১৯তম গোল। লা লিগার এ মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে সবার ওপরে আছেন তিনি।

এরপর ৩৯ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন দারুণ খেলতে থাকা রাফিনিয়া। মাঝমাঠ থকে সার্জিও বুসকেটসের বাড়ানো বল ছুতে গিয়ে নিয়ন্ত্রণে নেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। এরপর আড়াআড়ি শটে গোল করেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব‍্যবধান বাড়ানোর সুযোগ পান লেভানদোভস্কি। তবে পোলিশ স্ট্রাইকার অনেক ওপর দিয়ে মেরে দলকে হতাশ করেন। এরপর আরো কয়েকবার হতাশ করে পোলিশ এই তারকা। এদিন বেতিসের হয়ে শেষবারের মতো ক্যাম্প ন্যুয়ে খেলতে নামেন হুয়াকিন।

তবে হাঁটুতে চোট পাওয়ায় ৮১ মিনিটে মাঠ ছাড়তে হয় ৪১ বছর বয়সী বেতিস কিংবদন্তিকে। চলতি মৌসুম শেষেই অবসর নিতে যাওয়া এই ফুটবলারকে মাঠ ছাড়ার সময় দাঁড়িয়ে সম্মান দেখান সবাই।

৮২তম মিনিটে স্কোর লাইন ৪-০ করে ফেলে বার্সেলোনা। আনসু ফাতির বুলেট গতির শট গিদো রদ্রিগেসের পায়ে লেগে দিক পাল্টে জড়ায় জালে। কিছুই করার ছিল না গোলরক্ষকের। 

এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনা দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সঙ্গে ব্যবধান ফের ১১ পয়েন্টে নিয়ে গেল।  ৩২ ম্যাচে ৭৯ পয়েন্ট বার্সার, সমান ম্যাচে ৬৮ পয়েন্ট রিয়ালের। আর ৪৯ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে বেতিস।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!