বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকায় যাবে অস্ট্রেলিয়া
আগামী অক্টোবরে ভারতের মাটিতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের আসর। এর আগে দক্ষিণ আফ্রিকায় সফর করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। মূলত প্রোটিয়াদের সঙ্গে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে অজিরা।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও তিনটি টি-২০ খেলবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার। এর মধ্য দিয়ে ২০২৩-২৪ মৌসুম শুরু করবে প্রোটিয়ারা।
শুক্রবার এক বিবৃতি দিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড সূচি চূড়ান্ত করেছে।
.png)
সেখানে বলা হয়, ডারবানের কিংসমিড স্টেডিয়ামে ৩০ আগস্ট এবং ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। এরপর ব্লুমফন্টেইনে প্রথম দুই ওয়ানডে ম্যাচ হবে ৭ ও ৯ সেপ্টেম্বর। পচেফসট্রুমে ১২, ১৫ ও ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বাকি তিন ওয়ানডে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজকে বিশ্বকাপের পারফেক্ট অনুশীলন হিসেবে দেখা হচ্ছে। যদিও দক্ষিণ আফ্রিকার এখনো ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়নি। তবে আইরিশরা ৩-০ ব্যবধানে বাংলাদেশকে হারাতে না পারলে বিশ্বকাপে পা রাখবে প্রোটিয়ারা।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী বলেছেন, ‘এই সিরিজ দিয়ে আমাদের নতুন মৌসুম শুরু হবে। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের আগে সিরিজ দুটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়নি। তবে আশা করছি, আমরা বিশ্বকাপে যাবো এবং বিশ্বের সেরা দলগুলোকে অক্টোবর-নভেম্বরের টুর্নামেন্টে চ্যালেঞ্জ জানাবো।’