ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভারতীয় পেসারের কোচ মুস্তাফিজ!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২০, ৭ মে ২০২৩
ভারতীয় পেসারের কোচ মুস্তাফিজ!
মুস্তাফিজুর রহমান

আইপিএলের চলতি আসরের মাঝপথে ইংল্যান্ডের চেমসফোর্ডে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন মুস্তাফিজুর রহমান। যেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৯, ১২ ও ১৪ মে তিনটি ওয়ানডে খেলবে দু’দল। সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ।

দিল্লি ক্যাপিটালসের হয়ে এবারের আইপিএলটা একেবারেই ভালো কাটেনি ফিজের। প্রথম তিন ম্যাচ বসে থাকার পর সুযোগ পেয়ে মুম্বাইয়ের বিপক্ষে ৪ ওভারে ৩৮ রান দিয়ে পান এক উইকেট। এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৩ ওভারে ৪১ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। পরবর্তীতে একাদশে আর সুযোগ মেলেনি তার।

ইংল্যান্ডে রওনা হওয়ার আগে বিমানে বসে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন মুস্তাফিজ। সেখানে লিখেন, এখন জাতীয় দায়িত্ব পালনের সময়। ইংল্যান্ডে রওনা হচ্ছি বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ খেলতে। বাংলাদেশ দলের জন্য আপনাদের সবার দোয়া চাই।

Advertisement

মুস্তাফিজের সেই পোস্টে কোচ সম্বোধন করে মন্তব্য করেছেন ভারতের পেসার চেতন সাকারিয়া। দিল্লি ক্যাপিটালসে খেলার সুবাদে দুজনের পরিচয় বছরখানেক আগে। দিল্লির অনুশীলনে প্রায় তাকে মুস্তাফিজ থেকে পরামর্শ নিতে দেখা যেত। এবার তিনিই প্রকাশ্যেই উল্লেখ করলেন কোচ হিসেবে।

মূলত মুস্তাফিজের মতো সাকারিয়াও বাঁহাতি পেসার। হয়তো তার কাছ থেকে রপ্ত করতে চান বিশেষ কৌশল। যা দিয়ে এক সময় বিশ্ব ক্রিকেটে আলোড়ন সৃষ্টি করেছিলেন মুস্তাফিজ। সাকারিয়া লেখেন, শুভ কামনা কোচ। কিছু টিপস পাঠান।

আইপিএলে অভিজ্ঞতায় চেতনের চেয়ে এগিয়ে মুস্তাফিজ। ২০১৬ সালে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে তার অভিষেক হয়। চেতন আইপিএলে এসেছেন ২০২১ সালে। গত আইপিএলে দিল্লির হয়ে নতুন বলে জুটি বেঁধে বোলিং করেছেন দুজন। চোটের কারণে এবার চেতন খেলতে পেরেছেন মাত্র ১ ম্যাচ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!