ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ঘড়ি উপহার পেলেন রোনালদো, মূল্য সোয়া কোটি টাকা!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:১৪, ১২ মে ২০২৩
ঘড়ি উপহার পেলেন রোনালদো, মূল্য সোয়া কোটি টাকা!
ছবি: সংগৃহীত

মাঠের পাশাপাশি এর বাইরে ক্রিস্টিয়ানো রোনালদো কেমন জীবন যাপন করেন, তা নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহের অন্ত নেই। আর এ কারণে প্রায়শই ফুটবলের বাইরের নানা বিষয়ে সংবাদের শিরোনাম হন পর্তুগিজ তারকা। এবার ঘড়ির কারণে আলোচনায় এসেছেন সিআর সেভেন।

সম্প্রতি রোনালদোর হাতে দেখা গেছে ৯২ হাজার পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ২৩ লাখ টাকার ঘড়ি। এটি অবশ্য ৩৮ বছর বয়সী এই ফুটবলার নিজে কেনেননি। বিখ্যাত ঘড়ি প্রস্তুতকারক এবং জুয়েলারি নির্মাতা কোম্পানি জ্যাকব অ্যান্ড কো. ঘড়িটি তাকে উপহারস্বরূপ দিয়েছেন।

রোনালদোর হাতে দেখা যাওয়া সবুজ রঙের ঝলমলে এই ঘড়িটিতে রয়েছে ২৬টি সাদা হীরা। বিশেষভাবে তৈরি করা এই ঘড়ির সামনের অংশে ৭ নম্বর জার্সি পরা রোনালদোকে গোল উদ্‌যাপন করতে দেখা যাচ্ছে। যেখানে একটি জায়গায় রোনালদোর স্বাক্ষরের পাশাপাশি ইংরেজিতে ‘সিআর সেভেন’ও লিখে রাখা আছে। 

Advertisement

আর পেছনের পাশে রোনালদোর বিখ্যাত ‘সিউ’ উদযাপনের ছবি রাখা হয়েছে। সৌদি আরবে কোম্পানিটির একটি বুটিক স্টোর উদ্বোধন করতে গিয়ে ঘড়িটি উপহার হিসেবে পেয়েছেন রোনালদো। রোনালদোর উপহার পাওয়া এই ঘড়ির নাম ‘হার্ট অব সিআর সেভেন বাগুয়েত্তে’।

জ্যাকব অ্যান্ড কো. এখন রোনালদোর সেরা মুহূর্তগুলো দিয়ে সাজিয়ে ঘড়ির নতুন সংগ্রহ আনার অপেক্ষায় আছে। রোনালদোকে দেওয়া হার্ট অব সিআর সেভেন বাগুয়েত্তে নতুন আনা চারটি মডেলের একটি। চারটি মডেলের মধ্যে সবচেয়ে দামিটির নাম দ্য ফাইট অব সিআর সেভেন বাগুয়েত্তে।

এটির দাম ১ লাখ ৪৫ হাজার পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৯৪ লাখ টাকা। উপহার পাওয়া ঘড়ি পরে ছবি পোস্ট করে রোনালদো ইনস্টাগ্রামে লিখেছেন, ‘সৌদি আরবের রিয়াদে জ্যাকবের নতুন বুটিকে গিয়ে দারুণ লেগেছে। আন্তরিকভাবে স্বাগত জানানোর জন্য জ্যাকব আরবোকে ধন্যবাদ।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!