ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ২০২৩

মুশফিকের ব্যাটে ২০০ পার বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৬, ১৪ মে ২০২৩
মুশফিকের ব্যাটে ২০০ পার বাংলাদেশের
মুশফিকুর রহিম

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাট করছে বাংলাদেশ। শুরুটা ভালো হলেও মাঝের দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে টাইগাররা। তবে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের ব্যাটে ২০০ পার করেছে তামিমের দল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৮ ওভারে পাঁচ উইকেটে ২০৯ রান। মুশফিক ২১ ও মেহেদী মিরাজ ৮ রানে ব্যাট করছেন।

ইংল্যান্ডের চেমসফোর্ডে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। আজ তিন পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে টাইগাররা। যেখানে অভিষেক হয়েছে রনি তালুকদার ও মৃত্যুঞ্জয় চৌধুরির।

Advertisement

তামিম ইকবালের সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন অভিষিক্ত রনি তালুকদার। শুরু থেকেই বেশ নার্ভাস ছিলেন রনি। রান বের করতে কষ্ট হচ্ছিল তার। চাপ থেকে বেরোতে মার্ক আদাইরকে উড়িয়ে মারতে গিয়ে উইকেটের পিছে ধরা পড়েন তিনি।

সাজঘরে ফেরার আগে ১৪ বলে ৪ রান করেন রনি। তবে তাকে হারানোর ধাক্কা বুঝতে দেননি তামিম ও নাজমুল হোসেন শান্ত। দুজনের ব্যাটে ভালোভাবেই এগোচ্ছিল টাইগাররা। দায়িত্বশীল ব্যাটিংয়ে গড়েন ৪৯ রানের জুটি।

দলীয় ৬৭ রানে স্লিপে বালবির্নির হাতে ধরা পড়েন শান্ত। ক্রেইগ ইয়ংয়ের কাছে পরাস্ত হওয়ার আগে ৩২ বলে ৩৫ রান করেন তিনি। শান্তর সমান ৩৫ রান করে ফেরেন লিটন দাসও। এর আগে তামিমের সঙ্গে গড়েন ৭০ রানের জুটি।

অন্যপ্রান্তে সতীর্থরা যাওয়া আসার মাঝে থাকলেও একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন তামিম। জশ লিটলের ডেলিভারিতে বাউন্ডারি হাঁকিয়ে ৬১ বলে অর্ধশতক পূরণ করেন তিনি। তামিম অর্ধশতক পূরণ করার পরের ওভারেই ফেরেন তাওহিদ হৃদয়।

জর্জ ডকরেলকে ব্যাকফুটে কাট করতে গিয়ে লাইন-লেন্থ মিস করে বোল্ড হন হৃদয়। এর আগে ১৬ বলে করেন ১৩ রান। রানের গতি বাড়াতে গিয়ে ৬৯ রানে তামিম ফিরলে চাপে পড়ে বাংলাদেশ।

তবে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ মিলে পরিস্থিতি ভালোই সামাল দিচ্ছেন। দুজনের ব্যাটে ভর করে ৩০০ রানের দিকে এগোচ্ছে টাইগাররা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!