মাঠে ফিরেই মুস্তাফিজের বাজিমাত, সিরিজ সেরা শান্ত
আয়ারল্যান্ড সিরিজ শুরুর একদিন আগে বাংলাদেশ দলে যোগ দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। এরপর দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করেছেন। অবশ্য তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতেই মূল একাদশে জায়গা হয়নি তার। তবে সিরিজের শেষ ম্যাচে মাঠে ফিরেই বাজিমাত করেছেন এ বাঁহাতি পেসার।
রোববার চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিতে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন মুস্তাফিজ। শুধু দুর্দান্ত বোলিং করাই নয়, আইরিশদের বিপক্ষে রুদ্ধশ্বাস সিরিজ জয়ের ম্যাচে সেরা হয়েছেন কাটার মাস্টার।
শেষ ওয়ানডেতে ১০ ওভারে একটি মেইডেনসহ ৪৪ রান দিয়ে চার উইকেট শিকার করেন ফিজ। শেষের দিকে এসে টানা তিন ওভারে নেন তিনটি উইকেট। আইরিশদের ইনিংসে প্রথম আঘাতও হেনেছিলেন তিনি। সবমিলিয়ে ম্যাচসেরার পুরস্কার ফিজের হাতে।
অন্যদিকে তিন ম্যাচের সিরিজে ১৯৬ রানের সঙ্গে বল হাতে একটি উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ওয়ানডেতে ৪৪ রানের পর দ্বিতীয়টিতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন শান্ত। খেলেন ১১৭ রানের ইনিংস।
তৃতীয় ওয়ানডেতে ব্যাট হাতে শুরুটা করেছিলেন দারুণ। তবে ৩২ বলে ৭ বাউন্ডারিতে ৩৫ করে থামতে হয় শান্তকে। কিন্তু শান্ত যেন থামার মানুষ নন। দুর্দান্ত কিছু ফিল্ডিংয়ের সঙ্গে বল হাতেও ঝলক দেখান শেষ ম্যাচে এসে। ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রো দেওয়া শান্ত ৩ ওভারে মাত্র ১০ রান দিয়ে নেন একটি উইকেট।