ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টেস্টে বাংলাদেশের অধিনায়কত্ব করবেন যিনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৩, ২১ মে ২০২৩
টেস্টে বাংলাদেশের অধিনায়কত্ব করবেন যিনি
ছবি- সংগৃহীত

সম্প্রতি ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে দুর্দান্ত সিরিজ জিতেছে বাংলাদেশ। এরপর দেশের মাটিতে পা রেখেই ছুটিতে গেছেন তামিম-লিটনরা। অবশ্য লম্বা এক মাসের ছুটি কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন লাল-সবুজের প্রতিনিধিরা। 

আগামী ১৪ জুন টেস্ট ম্যাচ দিয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করবে বাংলাদেশ। অবশ্য টেস্ট খেলেই ভারতে উড়াল দেবে আফগান বাহিনী। তবে আসন্ন টেস্টে সাদা পোশাকের ম্যাচে টাইগারদের নেতৃত্ব কে দিবেন এ নিয়ে চলছে আলোচনা।

মূলত আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় হাতে চোট পেয়ে মাঠ ছাড়েন সাকিব আল হাসান। ইনজুরির কারণে আইরিশ সিরিজের তৃতীয় ওয়ানডে মিস করেন তিনি। এরপর জানা যায়, আগামী ছয় সপ্তাহের জন্য বাইশ গজে পারফর্ম করতে পারবেন না দেশসেরা এ অলরাউন্ডার।

Advertisement

আসন্ন আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। তাই তার অনুপস্থিতিতে স্বাগতিকদের কে নেতৃত্ব আসবেন, তা নিয়ে আলোচনা চলছে।

সম্ভাব্য অধিনায়কের তালিকায় সবার আগে রয়েছে লিটন দাসের নাম। কারণ টেস্টে তিনি আগে থেকেই টাইগারদের সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন। তবে লিটন যদি শেষ পর্যন্ত দায়িত্ব না নেন, তাহলে দায়িত্ব পেতে পারেন মেহেদী হাসান মিরাজ।

জানা গেছে, একমাত্র টেস্টে অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন ব্যাটার নাজমুল হোসেন শান্তও। তবে এই তিনজনের মধ্যে যে কাউকেই এই দায়িত্বে দেখা যেতে পারে। ফলে তাদের কেউ নেতৃত্বে আসলে, সেটি হবে জাতীয় দলের হয়ে সাদা পোশাকে তাদের নেতৃত্বের অভিষেক।

উল্লেখ্য, আগামী ১৪-১৮ জুন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি। এরপর ভারতের মাটিতে আফগানদের সিরিজ শেষে দ্বিতীয় দফায় তারা বাংলাদেশে আসবে। আগামী ৫, ৮ ও ১১ জুলাই দু’দলের মধ্যকার তিনটি ওয়ানডে ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তারা টি-২০ সিরিজে মুখোমুখি হবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!