ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আগের চেয়ে দল অনেক বেশি আত্মবিশ্বাসী: বাশার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৮, ২৫ মে ২০২৩
আগের চেয়ে দল অনেক বেশি আত্মবিশ্বাসী: বাশার
ছবি- সংগৃহীত

চলতি বছরটা বাংলাদেশ ক্রিকেটের জন্য স্বস্তিরই বটে। কেননা গত কয়েক মাসে দুই দেশের বিপক্ষে তিন ফরম্যাটেই সিরিজ খেলেছে টাইগাররা। এর মধ্যে শুধু ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটি হাতছাড়া হয়েছে তাদের। বাকি সিরিজগুলোতে ‘ব্র্যান্ড’ ক্রিকেট খেলে শিরোপা নিজেদের ঘরে তুলেছেন তামিম-সাকিবরা।

সম্প্রতি ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এরপর দেশে ফিরে বিশ্রামে রয়েছেন টাইগার ক্রিকেটাররা। আগামী ১৪ জুন থেকে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে স্বাগতিকরা। তার আগে ২৯ মে দলীয় অনুশীলন শুরু করবেন চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। 

ঘরের মাঠে আফগানিস্তানের সাথে টেস্ট ম্যাচে কি টাইগারদের যাত্রা পথ ততটা মসৃণ থাকবে? ইতিহাসকে মানদণ্ড ধরলে বলতে হবে, না। আফগানদের সঙ্গে টাইগাররা অত সহজে পেরে উঠবে বলে মনে হয় না।

Advertisement

কারণ ২০১৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে চরম ভরাডুবি ঘটেছিল টাইগারদের। ২২৪ রানের বিশাল ব্যবধানে হেরেছিল সাকিব আল হাসানের দল।

আফগানরা প্রথম ইনিংসে ৩৪২ আর পরেরবার ২৬০ রান করলেও বাংলাদেশ এক ইনিংসেও তাদের ধারে কাছেও যেতে পারেনি। প্রথম ইনিংসে ২০৫ আর দ্বিতীয় ইনিংসে ১৭৩ রানে অলআউট হয়ে বিশাল ব্যবধানে হেরে বসে।

রশিদ খান একাই টাইগার বধের নায়ক বনেছিলেন। নাহ, শুধু লেগস্পিনের বিষাক্ত ছোবলে নয়। সঙ্গে ব্যাট হাতেও দারুণ খেলেছিলেন রশিদ। প্রথম ইনিংসে ৫১ আর পরেরবার ২৪ রানের দুটি ইনিংস খেলার পাশাপাশি ম্যাচে ১১ উইকেট (৫/৫৫, ৬/৪৯) শিকার করে বাংলাদেশের বারোটা বাজিয়ে ছাড়েন এ আফগান অলরাউন্ডার।

এবার সেই আফগানরা আরো শাণিত। কারণ প্রায় সবাই আইপিএল খেলে আসছেন। তাদের বিপক্ষে দল সাজানো কাজটা সহজ নয়। তবে নির্বাচক হাবিবুল বাশারের কথা শুনে মনে হলো, তারা আগের চেয়ে সাহসী। ভেতরে আস্থাও বেশি।

বাশারের অনুভব, ‘আগের চেয়ে দল অনেক বেশি আত্মবিশ্বাসী। আস্থাটাও বেশি। ক্রিকেটার নির্বাচন বা দল সাজানোর সিদ্ধান্ত নিতে টাফ হচ্ছে না। কারণ, আমার মনে হয়, আমরা এখন অনেক কনফিডেন্ট টিম।’

আফগানিস্তানকে খুব ভালো দল অভিহিত করে বাশার বলেন, ‘আফগানদের সঙ্গে শেষ টেস্ট ম্যাচ আমরা ভালো খেলিনি। হেরেছিলাম। তবে এবারের ম্যাচটাতে ডেফিনেটলি ভালো খেলতে চাই। আমার মনে হয় এখন দলটা অনেক বেশি কনফিডেন্ট। কোন উইকেটে খেলতে চাই, কোন উইকেটে খেলা উচিত আমরা পরিষ্কার। কাজেই যে সিদ্ধান্ত নেই, আমাদের অসুবিধা হবে না।’

দলে কোন নতুন মুখ বা চমক থাকবে কিনা? জানতে চাওয়া নির্বাচক বাশারের জবাব, ‘চমক বলে তেমন কিছু নেই। টেস্ট দলটা করব ডেফিনিটলি যে দলটা জিততে পারে। বেস্ট পসিবল প্লেয়ারদের নিয়ে দলটা করব।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!