ট্রফি ধরে রাখার লড়াইয়ে গুজরাট, শিরোপা উদ্ধারই লক্ষ্য ধোনিদের
আইপিএল জয়ের স্বাদ পেয়েছে দুই দলই। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস আইপিএলের দ্বিতীয় সফলতম দল। চারবার আইপিএল ট্রফি জিতেছে সিএসকে। উল্টো গত বছর প্রথমবার আইপিএল খেলতে নেমেই ট্রফি জিতেছিল হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স।
টানা দু’বার আইপিএল ফাইনাল খেলবেন হার্দিকরা। আবার গতবার লিগ টেবিলে নয় নম্বরে শেষ করা চেন্নাই এবার ফাইনালে। একদিকে শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে ধোনিরা। অন্য দিকে হার্দিকরা চাইবেন চ্যাম্পিয়নের তকমা ধরে রাখতে।
রোববার এমনই এক লড়াইয়ে আইপিএলের ফাইনালে আহমেদাবাদে মুখোমুখি হবে চেন্নাই এবং গুজরাট।
.png)
এবারের আইপিএল শুরু হয়েছিল এই দুই দলের খেলা দিয়েই। সেবার গুজরাট জিতেছিল পাঁচ উইকেটে। পরে প্রথম কোয়ালিফায়ারে আবার মুখোমুখি হয় চেন্নাই এবং গুজরাট। সেই ম্যাচ ১৫ রানে জিতে সরাসরি ফাইনালের টিকিট পেয়ে যান ধোনিরা।
গুজরাট দ্বিতীয় কোয়ালিফায়ারে হারায় পাঁচবারের আইপিএলজয়ী মুম্বাই ইন্ডিয়ান্সকে। এবার ট্রফির লড়াইয়ে নামবে দুই দল। যে ম্যাচ হারলে আগের সব জয়ের উৎসবই ম্লান হয়ে যাবে।
১৬তম আইপিএলে দশমবার ফাইনাল খেলছে চেন্নাই। এরমধ্যে চারবার জিতেছে দলটি। অর্থাৎ বাকি ছ’বার হারতে হয়েছে ধোনিদের। শুরু এবং শেষ একই দলের ম্যাচে হলেও মাঝে হয়ে গিয়েছে ৭২টি ম্যাচ। রোববার কোন দল জিতবে এখন সেদিকেই তাকিয়ে সকলে।