আইপিএলের মাঝপথে সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তি মন্তব্য করেছিলেন, এখনই জয়সওয়ালকে ভারতের জাতীয় দলে নেয়ার সময় হয়ে গেছে। অবশেষে জাতীয় দলে সুযোগ পেলেন তিনি। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রিজার্ভ ওপেনার হিসেবে ডাক পেয়েছেন রাজস্থান রয়্যালসের এ ওপেনার।
আগামী ৭ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। অস্ট্রেলিয়ার বিপক্ষে এ ম্যাচের রিজার্ভ দলে ছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। জানা যাচ্ছে, জুন মাসের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। তাই তাকে ফাইনাল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বদলে যশস্বীকে ডাকা হয়েছে।
.png)
অবশ্য দলে সুযোগ পেলেও যশস্বীর খেলার সম্ভাবনা কম। কারণ তিনি রয়েছেন রিজার্ভ দলে। রিজার্ভ দলে থাকার অর্থ, প্রথম দলের কেউ চোট পেয়ে ছিটকে গেলে তবেই রিজার্ভ দলের প্লেয়াররা সুযোগ পাবেন। তবে জাতীয় দলে ডাক পেয়েই লাল বলের ক্রিকেটে অনুশীলন শুরু করে দিয়েছেন জয়সওয়াল।
আজ (রোববার) রাতেই রোহিত শর্মাদের সঙ্গে যশস্বী ইংল্যান্ডের বিমানে চড়বেন বলে জানা যাচ্ছে। এবার রাজস্থান রয়্যালসের হয়ে ১৪ ম্যাচে ৬২৫ রান করেছেন তিনি। যেখানে একটি সেঞ্চুরির পাশে আছে পাঁচটি হাফসেঞ্চুরি। স্ট্রাইকরেট ১৬৩.৬১।
১৫ সদস্যের ভারতীয় স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, ঈশান কিষাণ, কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব ও জয়দেব উনাদকাট।
স্ট্যান্ডবাই- যশস্বী জসওয়াল, মুকেশ কুমার, সূর্যকুমার যাদব।