শ্রদ্ধার কারণেই আসে বৃষ্টি, পণ্ড হয় আইপিএল ফাইনাল!
আহমেদাবাদ বৃষ্টিতে ভেসে গেছে রোববার। আইপিএল ফাইনালের টসও করা যায়নি সেদিন। বাধ্য হয়ে সোমবার রিজার্ভ ডে-তে চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্সের ম্যাচ আয়োজন করতে হয়। যেখানে টানটান উত্তেজনার ম্যাচে জয়লাভ করেছে চেন্নাই।
রোববার আহমেদাবাদে প্রবল বৃষ্টির জন্য আবহাওয়াকে দায়ী করছেন না ক্রিকেটপ্রেমীদের একাংশ। তারা কিছুটা দুষছেন প্রতিযোগিতার ডিজিটাল সম্প্রচারকারীদের। বিশেষ করে বললে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে।
রোববার খেলা শুরু হওয়ার আগে ডিজিটাল সম্প্রচারকারীদের (জিও সিনেমা) স্টুডিওতে এসেছিলেন শ্রদ্ধা। বিজ্ঞাপনী বাধ্যবাধকতার জন্যই বলিউড অভিনত্রীকে আনা হয়েছিল আইপিএল সংক্রান্ত অনুষ্ঠানে।
.png)
ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করছেন, শ্রদ্ধার উপস্থিতির জন্যই রোববারের ম্যাচ ভেস্তে দিয়েছে বৃষ্টি। এ জন্য শ্রদ্ধাকে সরাসরি দায়ী করেননি তারা। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধার উপস্থিতি নিয়ে চলছে নানা রসিকতা।
তিনটি জনপ্রিয় গান রয়েছে শ্রদ্ধার অভিনয় দৃশ্যে। ‘ছম ছম’, ‘বারিশ’ এবং ‘তুম হি হো’- এই তিনটি গানের দৃশ্যায়নে রয়েছে বৃষ্টি। ক্রিকেটপ্রেমীরা তাই মজা করে বলেছেন, শ্রদ্ধাকে নিয়ে এলে বৃষ্টি তো হবেই। আবহাওয়াকে দোষ দিয়ে কী লাভ?
সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের রসিকতা নজর এড়ায়নি বলিউড অভিনেত্রীরও। জবাব দেওয়ার সুযোগ হাত ছাড়া করেননি শ্রদ্ধা। মন্তব্য না করে হাসি এবং কপাল চাপড়ানোর ইমোজি দিয়েছেন তিনি। সঙ্গে শুধু লিখেছেন, ‘ছম ছম’।