ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সৌদি ক্লাবের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন বেনজেমা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২২, ১ জুন ২০২৩
সৌদি ক্লাবের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন বেনজেমা
করিম বেনজেমা

রিয়াল মাদ্রিদের বিখ্যাত আক্রমণ ত্রয়ী বিবিসি ভেঙে গিয়েছিল অনেক আগেই। সেই তিনজনের একটি বি এতদিন সান্তিয়াগো বার্নাব্যুতে রয়ে গিয়েছিল। কিন্তু এবার তিনিও ক্লাবটি ছেড়ে যাওয়ার পথে। এরই মধ্যে বিষয়টি ক্লাবের প্রেসিডেন্ট পেরেজকে জানিয়েছেন তিনি। এখন বাকি আনুষ্ঠানিক ঘোষণার। 

বেনজেমা চলতি মৌসুম শেষে রিয়াল ছাড়বেন গুঞ্জন ছিল আগে থেকেই। কিন্তু তার নতুন ঠিকানা কোথায় হবে জানা ছিল না। গুঞ্জনের মাঝেই সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের বরাত দিয়ে গোলডটকম জানায়, সৌদির একটি ক্লাব তাকে পেতে ৪০০ মিলিয়নের অফার করেছে।

বিষয়টি নিশ্চিত করে ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাতো। এ নিয়ে যদিও এখনো মুখ খোলেননি এ ফরাসি তারকা। তবে গতকাল বেনজেমা রিয়াল সভাপতি পেরেজের সঙ্গে মিটিংয়ে বসেছিলেন বলে জানিয়েছে জনপ্রিয় ফুটবল বিষয়ক অনলাইন গোলডটকম।

Advertisement

তারা জানাচ্ছে- তিনি পেরেজকে জানিয়েছেন যে চলতি মৌসুম শেষে তিনি রিয়াল ছাড়ছেন। সেই সঙ্গে তিনি সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যেতে চান বলেও পেরেজকে জানিয়েছেন। রুদ্ধশ্বাস মিটিংয়ে পেরেজ বেনজেমাকে চুক্তি নবায়নের জন্য অনেক চেষ্টা চালিয়ে গেলেও ফরাসি ফরোয়ার্ড তা এড়িয়ে গেছেন। 

এদিকে ফুট মেরকাতো জানিয়েছে, মাদ্রিদকে তিনি জানিয়ে দিয়েছেন যে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে তিনি নতুন চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ হবেন না। বিভিন্ন গণমাধ্যমগুলো জানিয়েছে, ইতোমধ্যে বেনজামা তার সতীর্থদের তার সিদ্ধান্তের কথাটি জানিয়েছেন। লিগের শেষ ম্যাচটাই হবে তার রিয়াল ক্যারিয়ারের শেষ ম্যাচ।

সে হিসেবে আগামী ৪ জুন অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে লা লিগার ম্যাচটিই হতে যাচ্ছে বেনজেমার রিয়াল মাদ্রিদের হয়ে শেষ ম্যাচ। যেটি অনুষ্ঠিত হবে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!