দেড়শ বছরের টেস্ট ইতিহাসে স্টোকসের বিরল কীর্তি
দীর্ঘ ১৪৬ বছরের টেস্ট ইতিহাসে বিরল এক কীর্তি গড়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকস। আয়ারল্যান্ডের বিপক্ষে লর্ডসে সদ্য সমাপ্ত সিরিজের একমাত্র টেস্টে ব্যাটিং-বোলিং ও উইকেটরক্ষক হিসেবে কোনো কিছুতেই অবদান না রেখে ম্যাচ জয় করা বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে নাম লিখিয়েছেন তিনি।
হাঁটুর পুরনো ইনজুরির কারনে আয়ারল্যান্ডের বিপক্ষে এক ওভারও বোলিং করেননি স্টোকস। ইংল্যান্ডের হয়ে টেস্ট ফরম্যাটে ছয় বা সাত নম্বরে ব্যাটিং করতে নামেন তিনি। টপ-অর্ডারের দৃঢ়তায় ব্যাটিং করার সুযোগই পাননি তিনি।
প্রথম ইনিংসে ৪ উইকেটে ৫২৪ রান করে ইংল্যান্ড। চতুর্থ উইকেট পতনের পরই ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। এজন্য স্টোকসকে আর ব্যাট হাতে নামতে হয়নি। দলে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন জনি বেয়ারস্টো।
ফলে ব্যাটিং-বোলিং ও উইকেটরক্ষকের দায়িত্ব পালন না করে শুধু অধিনায়কত্বের দায়িত্ব পালন করেও ম্যাচ ফি থেকে ১৬ হাজার পাউন্ড আয় করেছেন স্টোকস। তার এমন বিরল কীর্তির টেস্টে তিনদিনেই আয়ারল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।
পায়ের পাতার ইনজুরির কারণে গেল মাসে শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বেশিরভাগ ম্যাচই খেলতে পারেননি স্টোকস। আগামী ১৬ জুন থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ শুরু করবে ইংল্যান্ড। এ সিরিজে বোলিং করার ব্যাপারে আশাবাদী স্টোকস।