গত সোমবারের আগ পর্যন্ত মেসিকে পাওয়ার দৌড়ে বেশ ভালোভাবে এগিয়ে ছিল সৌদি ক্লাব আল হিলাল। সে মোতাবেক সোমবার (৫ জুন) চুক্তি সম্পন্ন করতে প্যারিসে এলএমটেনের সঙ্গে সাক্ষাৎ করতে যান তারা। কিন্তু তার আগে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে মিটিংয়ে বসেন মেসির বাবা হোর্হে মেসি।
তিনি মূলত মেসির এজেন্ট হিসেবে কাজ করেন। যার ফলে সবকিছু আস্তে আস্তে পাল্টাতে থাকে। মিটিং শেষে তিনি জানান, মেসি বার্সেলোনায় ফিরতে চান। আর ছেলের এই মতকে সমর্থন দেন বাবাও। এরপরই আসলে মেসির দলবদল নিয়ে শুরু হয় নাটক।
.png)
মঙ্গলবার (৬ জুন) ফুটবল বিষয়ক জনপ্রিয় গণমাধ্যম গোল ডটকম মেসির ঘনিষ্ঠজনদের উদ্ধৃতি দিয়ে জানায়, মেসি নাকি আল হিলালকে আরো এক বছর অপেক্ষায় থাকতে বলেছেন। মেসির এমন ইউটার্নে অবাক হয়েছেন ক্লাবটির কর্মকর্তারা।
এখন পুরো বিশ্বে কোটি কোটি মেসি ভক্তদের মনে একটি প্রশ্নই যখন ঘুরপাক খাচ্ছে কবে জানা যাবে মেসির দলবদলের চূড়ান্ত তথ্য। মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি সেটাই বলেছেন টুইচ চ্যানেল হিহান্তেসকে, ‘সিদ্ধান্ত মঙ্গলবার অথবা বুধবার জানা যাবে।’
তবে এবার আরও চমকপ্রদ তথ্য দিয়েছে বিশ্বের প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বস। তারা জানিয়েছে মেসি নাকি বার্সা কিংবা আল হিলাল নয় যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিতে রাজি হয়েছেন। আর্জেন্টিনার সাংবাদিক হার্নান কাস্টিলোর বরাত দিয়ে তারা এ খবর প্রকাশ করেছে।
এদিকে গত সপ্তাহে স্পোর্তো জানিয়েছে যে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন আমেরিকান ফ্র্যাঞ্চাইজি মেসিকে চার বছরের জন্য প্রতি মৌসুমে ৫৪ মিলিয়ন ডলার প্রদান করবে। ইন্টার মিয়ামিকে সবসময় মেসির সম্ভাব্য পরবর্তী গন্তব্য হিসেবে বিবেচনা করা হয়েছে।
কিছুদিন আগে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, আগামী বছর সৌদি আরবের ফুটবলে খেলার জন্য চুক্তি সেরে ফেলেছেন মেসি। সেই সময় খবরটিকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছিলেন মেসির বাবা।