সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন লিটন। এ সময় মিরপুর টেস্টে সাকিবের অনুপস্থিতি নিয়ে তিনি বলেন, ‘সাকিব ভাই থাকা মানেই দুই দিকে ব্যালান্স। তিনি বোলিং এবং ব্যাটিং দুটো সামলে নেন।’
আয়ারল্যান্ডের বিপক্ষে আঙুলে চোট পেয়ে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সাকিব। ফলে মিরপুর টেস্ট মিস করবেন তিনি। অবশ্য এরই মধ্যে হালকা অনুশীলনে ফিরেছেন তিনি। টাইগারদের অভিজ্ঞ অলরাউন্ডারের অনুপস্থিতিতে নিশ্চিতভাবেই ভুগবে দল।
.png)
লিটন বলেন, ‘স্বাভাবিকভাবে সাকিব ভাই যখন না খেলেন, বিশেষ করে ওয়ানডে এবং টি-২০ বেশি কঠিন হয়ে যায় বাংলাদেশ দলের জন্য। কিন্তু টেস্টে আমাদের এখন পর্যাপ্ত পরিমাণে বোলার আছে ফলে বোলিংয়ে খুব বেশি ঘাটতি নাও হতে পারে।’
বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিবের অনুপস্থিতিতে আফগানিস্তান টেস্টে দলকে নেতৃত্ব দেবেন লিটন। নিজের অধিনায়কত্ব প্রসঙ্গে তিনি বলেন ‘না, এমন কিছু ছিল না। আপনি যখন সহ-অধিনায়ক থাকবেন তখন অনেক সময় দেখা যায়, সাকিব ভাই অফ ফিল্ডে চলে যায়, সে জায়গায় আমাকে অধিনায়কত্ব করতে হয়েছে। এক দুই ওভার হলেও করেছি। এটা নিয়ে কখনো চিন্তা হয়নি।’