ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসির সঙ্গে একটি সেলফির জন্য ভক্তের অবিশ্বাস্য কাণ্ড!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৩, ১৩ জুন ২০২৩
মেসির সঙ্গে একটি সেলফির জন্য ভক্তের অবিশ্বাস্য কাণ্ড!
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য এখন চীনে অবস্থান করছে আর্জেন্টিনা দল। বিশ্বচ্যাম্পিয়নদের পাশাপাশি দলটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে ঘিরে বাড়তি উচ্ছ্বাস বেইজিংবাসীর। এদিকে মেসিকে একনজর দেখতে রীতিমতো অবিশ্বাস্য সব কর্মকাণ্ডের জন্ম দিচ্ছেন দেশটির ফুটবলভক্তরা।

পূর্ব বেইজিংয়ে ফোর সিজনস হোটেল আর্জেন্টিনা দল ঘাঁটি গেড়েছে। হোটেলটির বাইরে বিশ্বচ্যাম্পিয়নদের দেখতে সমর্থকদের ঢল লেগেই আছে। প্রিয় খেলোয়াড় মেসিকে দেখার জন্য তার এক ভক্ত চীনা নাগরিক লিউ ইউহাংয়ের ঘটনা আলাদাভাবে সবার নজর কেড়েছে। 

বিলাসবহুল হোটেলের কক্ষ ভাড়া, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, অতঃপর বাইসাইকেল নিয়ে বেইজিং শহরের রাস্তায় প্রিয় তারকার পিছু নেয়া। মেসিকে এক নজর দেখতে সব কিছুই করেছেন লিউ। শেষ পর্যন্ত সফলও হয়েছেন তিনি, তুলেছেন সেলফি। যদিও সেলফিটি ঝাপসা ছিল। তবে ইউহাং যে তার প্রিয় তারকার সাক্ষাৎ পেয়েছেন। 

Advertisement

২৬ বছর বয়সী কম্পিউটার প্রোগ্রামার চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের বাসিন্দা। প্রায় এক দশক ধরে মেসির বড় ভক্ত তিনি। বার্তা সংস্থা এএফপিকে লিউ বলেন ‘তিনি (মেসি) শুধু একজন খেলোয়াড়ই নন, তিনি একজন শিল্পী। তিনি আমার জীবনকে অনেক বেশি অর্থপূর্ণ করে তুলেছেন এবং আমার আদর্শ হয়ে উঠেছেন।’

মেসিকে সামনে থেকে দেখতে চাওয়ার ইচ্ছে প্রসঙ্গে লিউ বলেন, আমি জানি সামনাসামনি মেসিকে পেতে অনেক কাঠখড় পোহাতে হবে। বেইজিংয়ে ফোর সিজনস হোটেলের সামনে মেসিকে দেখার জন্য অনেক ভক্ত ভিড় জমিয়েছিলেন। লিউ শুরুতে সেখানে গিয়েছিলেন। 

অত ভিড়ের মধ্যে মেসিকে ভালোভাবে দেখতে পারেননি। তবে হাল ছাড়েননি লিউ। প্রিয় তারকাকে দেখতে ওই হোটেলের একটি বিলাসবহুল কক্ষ ভাড়া করে ফেলেন তিনি। এর জন্য তাকে দুই হাজার ইউয়ানের বেশি গুণতে হয়েছে। তবে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে সেখানেও মেসির দেখা পাননি।

শেষ পর্যন্ত রোববার প্রিয় তারকাকে দেখার সুযোগ পান লিউ। আর্জেন্টিনার খেলোয়াড়দের বহনকারী বাস হোটেল থেকে বের হওয়ার সময় লিউ বাইসাইকেলে চেপে তাদের পিছু নেন। গরমের মধ্যে বেইজিংয়ের রাস্তায় বাসের পেছনে পেছনে ছুটতে থাকেন তিনি।

শেষ পর্যন্ত ইউহাং তার প্রিয় খেলোয়াড় মেসিকে দেখতে পান। বাসের পেছনের আসনে বসা মেসি তার দিকে হালকা করে হাত নাড়ান। লিউ তখন মেসিকে পেছনে রেখে দূর থেকেই একটি সেলফি তোলেন। সেলফিতে ইউহাং পেছনে বাসে বসে থাকা মেসিকে ঝাপসা দেখা যাচ্ছে।

উল্লেখ্য, ১৫ জুন বৃহস্পতিবার, বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচ শেষে তারা যাবে ইন্দোনেশিয়ায়। ১৯ জুন তাদের বিপক্ষেও একটি প্রীতি ম্যাচ খেলবে মেসিরা। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!