ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ ২০২৩

সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরলেন জয়

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৭, ১৪ জুন ২০২৩
সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরলেন জয়
মাহমুদুল হাসান জয়

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে লড়ছে বাংলাদেশ। যেখানে দিনের দ্বিতীয় সেশনে শতকের আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরে গেছেন টাইগার ব্যাটার মাহমুদুল হাসান জয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ২১৮ রান।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। প্রায় চার বছর পর সাদা পোশাকের ক্রিকেটে মুখোমুখি দুই দল।

Advertisement

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই বাঁধে বিপত্তি। অভিষিক্ত নিজাত মাসুদের করা প্রথম ডেলিভারিতেই উইকেটকিপারের গ্লাভসে ধরা পড়েন ১ রান করা জাকির।

তবে শুরুর এই ধাক্কা সামলে প্রথম সেশনের বাকি সময় নির্বিঘ্নে পার করেন জয় ও নাজমুল হোসেন শান্ত। যেখানে জয় ছিলেন ধৈর্যের প্রতিমূর্তি হয়ে। অন্যদিকে আফগান বোলারদের হতাশায় ভাসিয়ে আক্রমণ করে যাচ্ছিলেন শান্ত।

৫৮ বলে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন শান্ত। ফিফটির পরও একই গতিতে এগোতে থাকেন তিনি। লাঞ্চ বিরতির পর মাসুদের এক ওভারে তিন বাউন্ডারিতে ১৪ রান আনেন এ ব্যাটার।

শান্তর বিপরীতে ধীরস্থিরভাবে খেলতে থাকা জয় ফিফটির দেখা পান ইনিংসের ৩৫তম ওভারের শেষ বলে। জহির খানের করা ওভারটির শেষ বলে দৌড়েই ৫ রান নেন তিনি। এ সময় মূলত ৪৮ রানে ব্যাট করছিলেন এ ব্যাটার।

জহিরের করা বলটি কাট করে থার্ড ম্যান অঞ্চলে পাঠান জয়। দৌড়ে সহজেই ২ রান নেন তিনি ও শান্ত। এ সময় ওভার থ্রো হলে আরো এক রান নেন দুজন। আফগান ফিল্ডারদের ব্যর্থতায় আরেকটি ওভার থ্রো আসে। যার ফলে আরো ২ রান নেন তারা।

দৌড়ে ৫ রান নিয়ে ফিফটি পূরণের ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটে তেমন একটা দেখা যায়নি। সেদিক থেকে বলা যায় বিরল এক দৃশ্যের সাক্ষী হন দর্শকরা। এর একটু পরই ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পান শান্ত।

হামজার বলে সিঙ্গেল নিয়ে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন শান্ত। সেঞ্চুরি করতে ১১৮ বল খেলেন এ ব্যাটার।

টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দিকে ভালোভাবেই এগোচ্ছিলেন জয়। তবে ব্যক্তিগত ৭৬ রানে রহমত শাহের স্পিনে পরাস্ত হয়ে সাজঘরে ফিরে যান এ ওপেনার।

এখন মুমিনুল হককে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। মুমিনুল ৫ এবং শান্ত ১২৪ রানে ব্যাট করছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!