ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ ২০২৩

দৌড়ে ৫ রান নিয়ে জয়ের ফিফটি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৫, ১৪ জুন ২০২৩
দৌড়ে ৫ রান নিয়ে জয়ের ফিফটি
মাহমুদুল হাসান জয়

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে প্রথম দিনেই দাপট দেখাচ্ছে বাংলাদেশ। যেখানে দিনের দ্বিতীয় সেশনে ধৈর্যশীল ব্যাটিংয়ে দারুণ এক হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন টাইগার ব্যাটার জয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ১৬৯ রান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। প্রায় চার বছর পর সাদা পোশাকের ক্রিকেটে মুখোমুখি দুই দল।

Advertisement

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই বাঁধে বিপত্তি। অভিষিক্ত নিজাত মাসুদের করা প্রথম ডেলিভারিতেই উইকেটকিপারের গ্লাভসে ধরা পড়েন ১ রান করা জাকির।

তবে শুরুর এই ধাক্কা সামলে প্রথম সেশনের বাকি সময় নির্বিঘ্নে পার করেন জয় ও নাজমুল হোসেন শান্ত। যেখানে জয় ছিলেন ধৈর্যের প্রতিমূর্তি হয়ে। অন্যদিকে আফগান বোলারদের হতাশায় ভাসিয়ে আক্রমণ করে যাচ্ছিলেন শান্ত।

৫৮ বলে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন শান্ত। ফিফটির পরও একই গতিতে এগোতে থাকেন তিনি। লাঞ্চ বিরতির পর মাসুদের এক ওভারে তিন বাউন্ডারিতে ১৪ রান আনেন এ ব্যাটার।

শান্তর বিপরীতে ধীরস্থিরভাবে খেলতে থাকা জয় ফিফটির দেখা পান ইনিংসের ৩৫তম ওভারের শেষ বলে। জহির খানের করা ওভারটির শেষ বলে দৌড়েই ৫ রান নেন তিনি। এ সময় মূলত ৪৮ রানে ব্যাট করছিলেন এ ব্যাটার।

জহিরের করা বলটি কাট করে থার্ড ম্যান অঞ্চলে পাঠান জয়। দৌড়ে সহজেই ২ রান নেন তিনি ও শান্ত। এ সময় ওভার থ্রো হলে আরো এক রান নেন দুজন। আফগান ফিল্ডারদের ব্যর্থতায় আরেকটি ওভার থ্রো আসে। যার ফলে আরো ২ রান নেন তারা।

দৌড়ে ৫ রান নিয়ে ফিফটি পূরণের ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটে তেমন একটা দেখা যায়নি। সেদিক থেকে বলা যায় বিরল এক দৃশ্যের সাক্ষী হলেন দর্শকরা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!