যে কারণে ৫ উইকেট নেয়া হলো না এবাদতের
মিরপুর টেস্টে আফগানিস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। এ ম্যাচের প্রথম দিনে পেসাররা সেভাবে আধিপত্য দেখাতে পারেননি। তবে দ্বিতীয় দিনে ঠিকই অগ্নিঝরা বোলিং করেছেন দু’দলের পেসাররা। এদিন দুই দলের ১৬টি উইকেট পড়েছে। তার মধ্যে ১১টি উইকেটই নিয়েছেন ফাস্ট বোলাররা।
অবশ্য ঘাসের উইকেটে আফগানদের চেয়ে টাইগার পেসাররা খানিকটা বেশিই সুবিধা নিয়েছেন। টেস্টের দ্বিতীয় দিনে পাঁচ উইকেট শিকারের সুযোগ ছিল টাইগার পেসার এবাদত হোসেনের। তবে সেই সুযোগ চাইলেও কাজে লাগাতে পারেননি তিনি। তবে তা নিয়ে আক্ষেপ নেই সিলেট এক্সপ্রেসের।
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন টাইগার পেসার এবাদত হোসেন। এ সময় তিনি বলেন, ‘যা পেয়েছি আলহামদুলিল্লাহ। পাঁচ উইকেট হয়নি, কারণ আমরা দুই ওভার পেছনে ছিলাম। অধিনায়ক চেয়েছে আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে জরিমানার একটা ব্যাপার থাকে। তখন (লিটন) বলেছে, চা বিরতির পর দুইপাশ থেকে দুই স্পিনার দিয়ে শুরু করব। যেহেতু দল আগে, ঠিক আছে। আমার কাছে দলের ব্যাপার সবচেয়ে বড় জিনিস।’
মিরপুরে ঘাসের উইকেটে টেস্ট কখন হয়েছিল, তা অনেকের মতো এবাদতেরও জানা নেই।
এমন পেস সহায়ক উইকেটে খেলে উচ্ছ্বসিত এই পেসার বলেন, ‘বাংলাদেশে এই প্রথম এমন উইকেট পেয়েছি। তিন পেসার নিয়ে টেস্টে এমন উইকেটে খেলা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের। আমরা চেষ্টা করেছি, ওদেরকে যত কম রানে আউট করা যায়। পরিকল্পনা কাজে লেগেছে।’