ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসির সিদ্ধান্তে খুশি স্কালোনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২০, ১৬ জুন ২০২৩
মেসির সিদ্ধান্তে খুশি স্কালোনি
ফাইল ছবি

ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) অধ্যায় শেষ করে আগামী মৌসুম থেকে এমএলএসের ক্লাব ইন্টার মিয়ামিতে খেলবেন লিওনেল মেসি। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বলেছেন, সেখানে মেসির যাওয়াটা প্রাপ্য ছিল।

গত সপ্তাহে আর্জেন্টাইন অধিনায়ক মেসি পিএসজির সঙ্গে দুই বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিতে যাবার ঘোষণা দেন। স্কালোনির মতে, হাই প্রোফাইল এই ট্রান্সফার মেসি আদায় করে নিয়েছে।

বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘মেসি এমন একটি শহরে খেলতে যাচ্ছে যেখানে তাকে মাথায় তুলে রাখা হবে। আমি বিশ্বাস করি এই শহরে সে সহজেই মানিয়ে নিতে পারবে। এই সময়টা তার প্রাপ্য ছিল।’

Advertisement

তিনি আরো বলেন, ‘কোন দেশে কোন লিগে সে খেলছে সেটাকে যদি বাদ দেয়া হয় তবে গুরুত্বপূর্ণ হলো মেসি যেখানে খেলতে যাচ্ছে সেই শহরে পুরোটা সময় দারুণ উপভোগ্য হবে। তার এই সিদ্ধান্তে আমি দারুণ খুশি।’

এদিকে মেসি জানিয়েছেন, কাতার বিশ্বকাপ ছিল তার শেষ বিশ্বকাপ। সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে ৩৯ বছরে পা রাখবেন।

চায়না টাইটান স্পোর্টসে দেয়া এক সাক্ষাতকারে মেসি বলেছেন, ‘আমি আগেও অনেকবারই বলেছি ২০২২ আমার শেষ বিশ্বকাপ। পরের বিশ্বকাপে আমার পক্ষে আর খেলা সম্ভব নয়।’

তিনি যোগ করেন, ‘আমি দেখতে চাই সবকিছু কেমন যাচ্ছে। কিন্তু মূল কথা হলো, পরবর্তী বিশ্বকাপে আমি খেলতে যাচ্ছি না। বরং সেখানে (স্টেডিয়ামে) বসে খেলা দেখতে পছন্দ করব।’

স্কালোনি বলেছেন, ‘মেসির এই বিবৃতি আমার কাছে খুবই বিচক্ষণ মনে হয়েছে। সে এমন একজন মানুষ যিনি কখনোই মিথ্যা বলেন না। বিশ্বকাপ এখনো অনেক দুরে। এখনই এসব নিয়ে ভাবার কোন অর্থ নেই।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!