ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

উপজেলা পরিষদ ও মাওনা উড়ালসেতুতে ককটেল বিস্ফোরণ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৯, ২৯ নভেম্বর ২০২৬
উপজেলা পরিষদ ও মাওনা উড়ালসেতুতে ককটেল বিস্ফোরণ
সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ চত্বর ও মাওনা চৌরাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাতে পৃথক দুটি স্থানে এসব বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁঞা জানান, রাত সাড়ে ১০টার দিকে তার কার্যালয়ের পেছনে ও বাসভবনের সামনে পুকুরের দক্ষিণ পাড়ে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলের পাশেই তার বাসভবন। সেখানে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। প্রধান ফটকেও আনসার সদস্য মোতায়েন ছিলেন।

তিনি জানান, সীমানাপ্রাচীরের বাইরে থেকে পুকুরপাড়ে ককটেলটি নিক্ষেপ করা হয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজে ককটেল নিক্ষেপের দৃশ্য দেখা গেছে। তবে ফুটেজে জড়িত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজও পরীক্ষা করা হচ্ছে।

এ ছাড়া রাত পৌনে ১১টার দিকে মাওনা চৌরাস্তা এলাকার উড়ালসেতুর ওপর থেকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ উড়ালসেতুর নিচে সেতুর পূর্ব ও পশ্চিম পাশে পরপর দুটি বিকট শব্দ শোনা যায়। এতে আতঙ্কিত হয়ে আশপাশের লোকজন ছোটাছুটি শুরু করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। দুটি ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!