ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাফুফে সভাপতি হওয়ার কারণ জানালেন সালাউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৬, ২২ জুন ২০২৩
বাফুফে সভাপতি হওয়ার কারণ জানালেন সালাউদ্দিন
কাজী সালাউদ্দিন

দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী সালাউদ্দিন। দায়িত্ব নেয়ার পর প্রায় সময়ই নানাভাবে সমালোচনার শিকার হয়েছেন তিনি। খেলোয়াড় হিসেবে সুনাম কুড়ালেও সংগঠক হিসেবে সাবেক এই ফুটবলারকে প্রায় ব্যর্থই বলা চলে।

এছাড়া বিতর্কিত মন্তব্য করেও আলোচনায় থাকেন কাজী সালাউদ্দিন। এবার তিনি জানিয়েছেন, কেন বাফুফের সভাপতি পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিলেন। দেশের সাবেক এক ফুটবলারকে মালয়েশিয়ায় ‘ঝাড়ুদার’ হতে দেখেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।

দেশের ফুটবলকে বদলে দিতেই বাফুফের নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নেন বলে জানান সালাউদ্দিন। এক সাক্ষাৎকারে তিনি বলেন,  ‘২০০৭ সালে আমি ব্যবসার কাজে মালয়েশিয়া গিয়েছিলাম। কুয়ালালামপুর বিমানবন্দরে একজন পরিচ্ছন্নতা কর্মী আমার দিকে এগিয়ে এসে আমাকে অভ্যর্থনা জানালেন।’

Advertisement

এরপর বাফুফে সভাপতি বলেন, ‘সে বলল, ‘সালাউদ্দিন ভাই’ আমিও একজন ফুটবলার ছিলাম। আমি ওয়ারীর হয়ে খেলতাম। এটা শুনে আমি একেবারে মর্মাহত এবং বিস্মিত হয়েছিলাম। এই লোক যে কিনা ঢাকার প্রথম বিভাগ ক্লাবের হয়ে খেলতেন সে এখন পাবলিক টয়লেট পরিষ্কার করছে।’

তিনি আরো বলেন, ‘সে বলল যেহেতু কোনো লীগ খেলা নেই, তাই আমার আয়ও নেই। তাই আমি ঝাড়ুদারের চাকরি নিয়ে মালয়েশিয়া চলে আসি। ঠিক সেই সময়ই আমি সভাপতি পদে বাফুফে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

সালাউদ্দিন যোগ করেন, ‘আমি নির্বাচিত হয়ে টুর্নামেন্টগুলো পুনরায় চালু করাই আমার মূল লক্ষ্য ছিলো। তখন ঢাকার ঘরোয়া ফুটবল লিগগুলোর সবই মৃতপ্রায় এবং অনিয়মিত হয়ে পড়েছিল। খেলোয়াড়রা এমন কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিল যে তারা খেলা ছেড়ে বাধ্য হয়ে অন্যত্র চাকরি খুঁজছিল। বর্তমানে কিন্তু তারা ভালো আছে।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!