ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বার্সেলোনায় যোগ দিচ্ছেন গুন্ডোগান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২৮, ২২ জুন ২০২৩
বার্সেলোনায় যোগ দিচ্ছেন গুন্ডোগান
ইকাই গুন্ডোগান

ম্যানচেস্টার সিটির হয়ে গেল মৌসুমেই জিতেছেন ট্রেবল। তবুও নতুন ক্লাবে যোগ দিচ্ছেন দলটির অধিনায়কের দায়িত্ব পালন করা ইকাই গুন্ডোগান। বিবিসি ও স্কাই স্পোর্টস জানিয়েছে, ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় নাম লেখাচ্ছেন। 

গুন্ডোগান বার্সেলোনায় যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জনের শুরু গত মার্চে। মৌসুমের শেষ দিকে সেই গুঞ্জন আরও তীব্র হয়। সিটির কোচ গার্দিওলা বেশ কবারই বলেছেন, অধিনায়ককে ধরে রাখতে সবকিছু করার চেষ্টা করবেন তারা। কিন্তু শেষ পর্যন্ত তাতে কাজ হচ্ছে না।

২০১৬ সালে সিটির কোচের দায়িত্ব নেয়ার পর গার্দিওলা সবার আগে দলে আনেন গুন্ডোগানকে। জার্মান এই মিডফিল্ডার তখন হাঁটুর চোট নিয়ে মাঠের বাইরে ছিলেন। তারপরও যে আশা নিয়ে তাকে দলে টানেন সিটি কোচ, পরবর্তী মৌসুমগুলোয় তা বাস্তবে রূপ দেন জার্মান ফুটবলার। 

Advertisement

বিশেষ করে গত দুই মৌসুমে গুন্ডোগানের পারফরম্যান্স ছিল দারুণ। বড় ম্যাচগুলিতে দুর্দান্ত খেলে দলের ভাগ্য গড়ে দেওয়ায় বড় ভূমিকা রাখেন তিনি। সেই ধারাবাহিকতায় ক্লাবের নেতৃত্বও পান। এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের ঐতিহাসিক ট্রেবল জয়ে তিনিই‌ ছিলেন অধিনায়ক।

এফএ কাপের ফাইনালে ১৩ সেকেন্ডে গোল করে রেকর্ড বইয়ে জায়গা করে নেন গুন্ডোগান। সিটির ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি প্রিমিয়ার লিগের ৫ শিরোপা, লিগ কাপের ৪ শিরোপাসহ ৭ মৌসুমে মোট ১৪টি ট্রফি জিতেছেন তিনি। দলটির হয়ে তিনশর বেশি ম্যাচ খেলে গোল করেছেন ৬০টি। 

অভিজ্ঞ এই মিডফিল্ডারকে দলে পাওয়া বার্সেলোনার জন্য হবে বড় স্বস্তির। দেড় যুগ ধরে মাঝমাঠের ভরসা হয়ে থাকা সার্জিও বুসকেটস চলে যাওয়ায় অভিজ্ঞতা ও নেতৃত্বের যে শূন্যতা, তা পূরণ করতে পারেন গুনন্দোয়ান। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী অধিনায়ককে দলে পাওয়া তাদের জন্য হতে পারে বাড়তি প্রেরণাও উৎসও।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!