বার্মিংহামের এজবাস্টনে অস্ট্রেলিয়ার কাছে অ্যাশেজের প্রথম টেস্ট হারলেও নিজেদের আগ্রাসী ক্রিকেট অব্যাহত রাখার পক্ষে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট। প্রয়োজনে আগ্রাসী মনোভাব আরো বাড়িয়ে দেয়ার কথা জানিয়েছেন তিনি।
হাতে উইকেট থাকা সত্বেও টেস্টের প্রথম দিন অধিনায়ক স্টোকস আগে ভাগে ইনিংস ঘোষণা করলে ইংল্যান্ডের ‘বাজবল’ নীতি সমালোচনার মুখে পড়ে। প্রথম টেস্টের পাঁচ দিন সমানতালে লড়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
.png)
পঞ্চম ও শেষ দিনের শেষ সেশনে নাটকীয়ভাবে ২ উইকেটে টেস্টটি জিতে নেয় অজিরা। অধিনায়ক হিসেবে নিজের যুগে ফিরে যেতে পারলে বর্তমান দলনেতা বেন স্টোকসের আগ্রাসী ক্রিকেটকে বেছে নেয়ার কথাও জানিয়েছেন রুট।
ইংল্যান্ডকে সাড়ে পাঁচ বছরে রেকর্ড ৬৪ টেস্টে নেতৃত্ব দিয়েছেন রুট। অধিনায়ক হিসেবে ১৭ টেস্টের মধ্যে মাত্র ১টি জয় পান তিনি। রুটের মতোই স্টোকস ও প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামকে পুরোপুরি সমর্থন করছেন ইংল্যান্ডের খেলোয়াড়রা।
অ্যাশেজ ইতিহাসে ইংল্যান্ড দ্রুততম ইনিংস ঘোষণার সিদ্ধান্তের উল্টো দিকে হাটবেন কি না জানতে চাইলে রুট বলেন, ‘যদি আমার সময়ে ফিরে যেতাম, বেন যেভাবে নেতৃত্ব দিচ্ছে, সেভাবেই নেতৃত্ব শুরু করতাম এবং সে যেভাবে খেলছে, সেভাবেই খেলার চেষ্টা করতাম।’
তিনি আরো বলেন, ‘এটা অনেক বেশি রোমাঞ্চকর, আরো বেশি আকর্ষণীয়। আমার মনে হয়, দল হিসেবে ও ব্যক্তিগতভাবে এই পদ্ধতি থেকে আমরা অনেক বেশি পাচ্ছি। আমাদের ক্রিকেট এখন অনেক বেশি উপভোগ্য। ফলাফলও অনেক ভালো হচ্ছে।’