দুই দশকের ব্যবধানে দুই বাংলাদেশ দলের একমাত্র মেলবন্ধন হাসান আল মামুন। ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক এখন জামালদের সহকারী কোচ। খেলা ছেড়েছেন প্রায় বছর সাতেকের বেশি সময়। ক্লাব কোচিংয়ের পর এখন জাতীয় দলের সহকারী কোচ তিনি।
সাফে এসে নিজেকে এখনো খেলোয়াড়ই মনে হয় জাতীয় দলের সাবেক অধিনায়কের। তিনি বলেন,‘জাতীয় দলের কোচিং স্টাফ হিসেবে আমি বেশ কিছু টুর্নামেন্টে কাজ করেছি। তবে সাফটা ভিন্ন। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে মনে হয়েছে আমি নিজেই যেন খেলছি। সাফ আমার কাছে ভিন্ন কিছু।’
.png)
গতকাল মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ তিন বার গোল করেছে। এ নিয়ে হাসান আল মামুন বলেন,‘অন্য সময়ের তুলনায় গতকাল আমার মধ্যে উচ্ছ্বাসটা বেশি কাজ করেছে। মনে হয় যেন ২০০৩ সালের সাফ খেলছি। সেই ম্যাচটি ছিল ঢাকায়। হাজার হাজার দর্শকের ফাইনাল ম্যাচ। আর এটি নিরপেক্ষ ভেন্যুতে ভিন্ন পরিস্থিতিতে।’
২০০৩ সালের পর সাফে কয়েকবার মালদ্বীপের মুখোমুখি হলেও বাংলাদেশ জিততে পারেনি। বাংলাদেশ লেবাননের বিপক্ষে হেরে চাপেও ছিল। এরপর আবার মালদ্বীপ ম্যাচে লিডও নিয়েছিল। এরপরও খেলোয়াড়দের ওপর বিশ্বাস ছিল সহকারী কোচের।
হাসান বলেন, ‘মালদ্বীপ গোল পেলেও ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। আমরা তাদের খেলার সুযোগ দেইনি। শুরুতেই হাই প্রেসিং করেছি। ওদের দুর্বল জায়গা রক্ষণে আঘাত হেনেছি। আমরা জিতেছি, তোমরাও পারবে। তোমাদের মাধ্যমে সেই সক্ষমতা রয়েছে দরকার শুধু চেষ্টা ও আত্মবিশ্বাস।’