ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সেই আহমেদাবাদেই মুখোমুখি ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৪, ২৭ জুন ২০২৩
সেই আহমেদাবাদেই মুখোমুখি ভারত-পাকিস্তান
ফাইল ছবি

আসন্ন আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণার আগেই পাকিস্তানের দাবি ছিল, তিনটি ম্যাচের ভেন্যু বদল করতে হবে। কিন্তু পাকিস্তানের সেই দাবি মানেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যার ফলে বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ হবে আহমেদাবাদে, ১৫ অক্টোবর।

ম্যাচটি পাকিস্তান এই শহরে খেলতে চায় না বলে সংবাদমাধ্যমে খবর এসেছিল। শেষ পর্যন্ত দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ম্যাচের ভেন্যু সরানো হয়নি। হাইভোল্টেজ ম্যাচ হওয়ায় এটি আয়োজনের যথোপযুক্ত ভেন্যু মনে করা হয়েছে আহমেদাবাদকেই।

পাকিস্তান ক্রিকেট বোর্ড দাবি করেছিল, সুরক্ষার কারণে আহমেদাবাদে খেলবে না তারা। চেন্নাইয়ের ঘূর্ণি উইকেটে আফগানিস্তান ও ব্যাঙ্গালুরুর ব্যাটিং সহায়ক উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষেও খেলতেও আপত্তি জানায় তারা। চেন্নাই ও ব্যাঙ্গালুরুর ম্যাচ অদল-বদল করার দাবি জানায় তারা।

Advertisement

আহমেদাবাদের ম্যাচ পারলে কলকাতায় স্থানান্তরিত করার প্রস্তাবও দেয় পাকিস্তান। কিন্তু সেই দাবি মানা হয়নি। মঙ্গলবার প্রকাশিত সূচিতে দেখা যায়, ভারত ম্যাচ ছাড়াও অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত ভেন্যুতেই খেলতে হবে বাবর আজমদের।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি পাকিস্তান খেলতে চেয়েছিল ব্যাঙ্গালুরুতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে চেয়েছিল চেন্নাইয়ে। কিন্তু পাকিস্তানের অনুরোধ উপেক্ষা করে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাবর আজমদের খেলতে হবে ব্যাঙ্গালুরুতেই, আফগানিস্তানের মুখোমুখি তারা হবে চেন্নাইয়ে।

অবশ্য সেমিফাইনালে উঠলে প্রতিপক্ষ যে দলই হোক, পাকিস্তান খেলবে কলকাতায়। অন্যদিকে ভারত যদি সেমিফাইনালে ওঠে, তাহলে তাদের ম্যাচ হবে মুম্বাইয়ে। তবে ভারত যদি সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়, তাহলে সে ম্যাচটি হবে কলকাতায়।

ভারত গ্রুপপর্বের ৯টি ম্যাচ খেলবে ৯টি ভিন্ন ভিন্ন ভেন্যুতে। সেখানে পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে মাত্র পাঁচটি ভেন্যুতে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!